বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সরকারি সেবায় নতুন দিগন্ত: চালু হলো জাতীয় তথ্য বাতায়নের দ্বিতীয় সংস্করণ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম

শেয়ার করুন:

সরকারি সেবায় নতুন দিগন্ত: চালু হলো জাতীয় তথ্য বাতায়নের দ্বিতীয় সংস্করণ
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে গেল দেশের সরকারি তথ্য ব্যবস্থাপনা।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে গেল দেশের সরকারি তথ্য ব্যবস্থাপনা। সরকারি সেবা ও তথ্যকে আরও আধুনিক, নিরাপদ এবং নাগরিকবান্ধব করতে ‘জাতীয় তথ্য বাতায়ন’ (Bangladesh.gov.bd)-এর দ্বিতীয় সংস্করণ বা ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে এটুআই (a2i)। ২০২৫ সালের শেষভাগ থেকে শুরু হওয়া এই আধুনিকায়ন প্রক্রিয়ায় ইতোমধ্যে ৩৫ হাজার ৫০০-এর বেশি সরকারি ওয়েবসাইট যুক্ত হয়েছে। এর ফলে নাগরিকরা আরও দ্রুত এবং সহজে ঘরে বসেই প্রয়োজনীয় সরকারি তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

আধুনিক ও সুরক্ষিত প্রযুক্তিগত কাঠামো


বিজ্ঞাপন


প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে নতুন এই সংস্করণে ক্লাউড ও মাইক্রোসার্ভিসভিত্তিক কাঠামো ব্যবহার করা হয়েছে। ফলে প্ল্যাটফর্মটি আগের চেয়ে অনেক বেশি দ্রুত ও স্থিতিশীল। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে-

রিয়েল-টাইম আপডেট: যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ করার সুবিধা।

উন্নত নিরাপত্তা: তথ্য ও সাইটের সুরক্ষায় সিঙ্গেল সাইন-অন, টু-ফ্যাক্টর অথেনটিকেশন এবং এসএসএল এনক্রিপশন ব্যবস্থা।

দ্রুত সার্চ ইঞ্জিন: ব্যবহারকারীরা যেন সহজেই কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পান, সেজন্য উন্নত সার্চ অপশন ও কনটেন্ট ক্যাশিং সুবিধা।


বিজ্ঞাপন


Image_02

স্বচ্ছতা ও নাগরিক ভোগান্তি হ্রাস

এটুআই-এর তথ্যমতে, আগে তথ্য বা সেবার জন্য নাগরিকদের সরাসরি দপ্তরে যেতে হলেও এখন বাতায়নের মাধ্যমেই অফিসের ঠিকানা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, টেন্ডার এবং চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানা যাচ্ছে। বছরে প্রায় ৩০০ কোটির বেশি ডিজিটাল ইন্টারঅ্যাকশন হচ্ছে এই প্ল্যাটফর্মে, যা মানুষের অনলাইন নির্ভরতা ও ভোগান্তি কমার প্রমাণ দেয়।

সার্টিফাইড নিরাপত্তা ও বিশাল ব্যাপ্তি

এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক জানান, সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং সেন্টার থেকে এই প্ল্যাটফর্মটি যথাযথভাবে যাচাই ও সনদপ্রাপ্ত। বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল ওয়েবসাইট এই নতুন ফ্রেমওয়ার্কের আওতায় আনা হচ্ছে।

জাতীয় তথ্য বাতায়নের এই আধুনিকায়ন শুধু তথ্য প্রদানের মাধ্যম নয়, বরং সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিতে এক বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত তথ্য হালনাগাদের মাধ্যমে এই সেবা আরও কার্যকর রাখার আহ্বান জানানো হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর