শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

দেড় মিলিয়ন ডলার দাবি হ্যাকারদের, আইনি ব্যবস্থা নিচ্ছে ‘স্বপ্ন’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

shwapno
স্বপ্ন সুপারশপ (ফাইল ছবি)

স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছে হ্যাকার চক্র। প্রতিষ্ঠানটির কাস্টমার ডাটাবেজ হ্যাক করার পর সেটি ফিরিয়ে দিতে এ অর্থ দাবি করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

গ্রাহকদের ডেটাবেজ হ্যাকিংয়ের শিকার হওয়ার প্রেক্ষাপটে শনিবার (২৮ মার্চ) এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। 


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, গত ২০ আগস্ট ২০২৫ তারিখে আন্তর্জাতিকভাবে কুখ্যাত একটি র‍্যানসমওয়্যার গ্রুপ ‘স্বপ্ন’-এর কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। তবে এই অযৌক্তিক ও বেআইনি দাবির কাছে নতি স্বীকার না করে প্রতিষ্ঠানটি কঠোর অবস্থান নেয়। অপরাধীদের সঙ্গে কোনো ধরনের আর্থিক আপস করা তাদের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলেও স্পষ্ট করা হয়।

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই বিষয়টি এসিআই লিমিটেডের এমআইএস বিভাগকে জানানো হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পরিচালকের তত্ত্বাবধানে একটি পূর্ণাঙ্গ অডিট পরিচালনা করা হয় এবং সিস্টেম বিশ্লেষণের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রতিষ্ঠানটি জানায়, আইটি অবকাঠামোকে আরও সুরক্ষিত করতে ইতোমধ্যে নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল, এন্টারপ্রাইজ-গ্রেড সিকিউরিটি সলিউশন এবং আধুনিক এন্ডপয়েন্ট প্রটেকশন ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক (২৪/৭) মনিটরিংয়ের জন্য দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞও নিয়োগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘স্বপ্ন’-এর আউটলেটগুলোর কার্যক্রম একটি সুরক্ষিত অফলাইন ও ইন্ট্রানেট সিস্টেমে পরিচালিত হওয়ায় সেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং গ্রাহকসেবা স্বাভাবিক রয়েছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় আইনি ব্যবস্থা হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠানই আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। তবুও ‘স্বপ্ন’ স্বচ্ছতা বজায় রেখে গ্রাহকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 

প্রতিষ্ঠানটি দাবি করেছে, গ্রাহকদের সংবেদনশীল ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে। একইসঙ্গে সম্ভাব্য ফিশিং কল বা প্রতারণা থেকে সতর্ক থাকতে গ্রাহকদের অজানা নম্বর থেকে আসা কল বা বার্তায় ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং কোনো অবস্থাতেই পাসওয়ার্ড বা ওটিপি প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। 

‘স্বপ্ন’ বলেছে, গ্রাহকদের আস্থা ধরে রাখতে এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

প্রসঙ্গত, রিটেইল চেইন সুপারশপ স্বপ্নের কাস্টমার ডেটাবেজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। ২০২৫ সালে স্বপ্ন থেকে যারা কেনাকাটা করেছেন তাদের তথ্য ফাঁস করা হয়েছে হয়েছে। এরইমধ্যে ডাটাব্রিজ চেকারও প্রকাশ করেছে হ্যাকার দল। সেখানে দেখা যাচ্ছে, স্বপ্নতে কেনাকাটা করা ২৭ কোটি ৪০ হাজার ৪৭২টি ক্রয়তথ্য ফাঁস হয়েছে। এর মাধ্যমে ক্রেতাদের ২০ লাখ ৫৮ হাজার ৩৮৪টি ফোন নম্বর জনসম্মুখে প্রকাশিত হয়েছে। 

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর