ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার আর ঘণ্টার পর ঘণ্টা বা দিনের পর দিন অপেক্ষা নয়; নির্দিষ্ট মেসেজ পড়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। মূলত সংবেদনশীল তথ্য আদান-প্রদানকে আরও সুরক্ষিত করতেই এই ‘আফটার রিডিং’ ফিচারটি আনা হচ্ছে।
কীভাবে কাজ করবে ‘আফটার রিডিং’ ফিচার?
বিজ্ঞাপন
বর্তমানে হোয়াটসঅ্যাপে মেসেজ অদৃশ্য (Disappearing Messages) করার জন্য ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের টাইমার সেট করা যায়। তবে নতুন এই ফিচারটি কাজ করবে আরও দ্রুত।
পড়ার ১৫ মিনিটে ডিলিট: কোনো মেসেজ দেখার পর মাত্র ১৫ মিনিটের মধ্যে সেটি প্রেরক ও প্রাপক—উভয় পক্ষের চ্যাট থেকেই চিরতরে মুছে যাবে।
পড়া না হলে ২৪ ঘণ্টা: যদি কোনো মেসেজ পড়া না হয়, তবে সেটি সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ইনবক্সে থাকবে এবং এরপর অটোমেটিক ডিলিট হয়ে যাবে।

বিজ্ঞাপন
ব্লু-টিক ছাড়াই কার্যকর: ব্যবহারকারীর ‘রিড রিসিপ্ট’ বা ব্লু-টিক অপশন বন্ধ থাকলেও ফিচারটি একইভাবে কাজ করবে।
ওটিপি ও পাসওয়ার্ডের সুরক্ষা
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচারটি ওটিপি (OTP), ব্যাংক ভেরিফিকেশন কোড বা অত্যন্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে ঢাল হিসেবে কাজ করবে। এর ফলে গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যগুলো দীর্ঘ সময় চ্যাট বক্সে পড়ে থাকবে না, যা হ্যাকিং বা তথ্য চুরির ঝুঁকি কমাবে। এটি মূলত হোয়াটসঅ্যাপের বর্তমান ‘ভিউ ওয়ান্স’ (View Once) ফিচারের একটি উন্নত ও পরিমার্জিত সংস্করণ।

ডিজিটাল জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপ
গোপনীয়তা রক্ষার পাশাপাশি ডিজিটাল জালিয়াতি ও ‘ডিজিটাল অ্যারেস্ট’ কেলেঙ্কারি রুখতে ভারত সরকারের সঙ্গে একযোগে কাজ করছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি একটি উচ্চ-পর্যায়ের আন্তঃবিভাগীয় কমিটির বৈঠকে অপরাধীদের ডিভাইস আইডি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতারকরা একবার শনাক্ত হলে একই ডিভাইস থেকে বারবার নতুন অ্যাকাউন্ট খুলে অপরাধ করার সুযোগ পাবে না।
আরও পড়ুন: স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেস বের করার উপায়
কবে নাগাদ পাবেন এই সুবিধা?
বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড বেটা ভার্সন ২.২৬.১২.২-এ এই ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। পরীক্ষামূলক ধাপ শেষ হলে খুব দ্রুতই সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এজেড

