রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর ৫ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ এএম

শেয়ার করুন:

ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর ৫ উপায়
ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর ৫ উপায়

টিভি, স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট স্পিকার—প্রায় সব ডিভাইসই বাড়ির ওয়াইফাইয়ের ওপর নির্ভরশীল। ফলে একসঙ্গে অনেক ডিভাইস সংযুক্ত থাকলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তবে সবসময় এর জন্য নতুন সংযোগ বা টেকনিশিয়ানের প্রয়োজন হয় না। কয়েকটি সহজ পরিবর্তনেই অনেক ক্ষেত্রে ওয়াইফাইয়ের কার্যক্ষমতা উন্নত করা সম্ভব।

১. রাউটার সঠিক জায়গায় রাখুন

ওয়াইফাইয়ের গতি ও কভারেজের ক্ষেত্রে রাউটারের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির এমন জায়গায় রাউটার রাখা ভালো, যেখান থেকে সংকেত সহজে বিভিন্ন ঘরে পৌঁছাতে পারে। সম্ভব হলে বাড়ির তুলনামূলক মাঝামাঝি ও খোলা জায়গায় রাউটার রাখুন। মোটা দেওয়াল বা বড় আসবাবপত্রের আড়ালে রাউটার রাখলে সংকেত দুর্বল হতে পারে। পাশাপাশি মাইক্রোওয়েভের মতো কিছু ইলেকট্রনিক যন্ত্রের থেকেও রাউটার দূরে রাখা ভালো।

২. ফাইভ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করুন

বর্তমানের অনেক ওয়াইফাই রাউটারেই টু পয়েন্ট ফোর গিগাহার্জ এবং ফাইভ গিগাহার্জ—দুই ধরনের ব্যান্ড থাকে। কাছাকাছি থাকা ডিভাইসে দ্রুত ইন্টারনেটের প্রয়োজন হলে ফাইভ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করা যেতে পারে। ভিডিও কল, অনলাইন গেম খেলা বা উচ্চ ডিফিনিশনের ভিডিও দেখার ক্ষেত্রে এটি বেশি গতি দিতে পারে। অন্যদিকে, বাড়ির দূরের ঘরে থাকা ডিভাইসের জন্য টু পয়েন্ট ফোর গিগাহার্জ বেশি কার্যকর হতে পারে, কারণ এর আওতা তুলনামূলক বেশি।

৩. রাউটার একবার পুনরায় চালু করুন

ওয়াইফাইয়ের গতি কমে গেলে রাউটার বন্ধ করে কিছুক্ষণ পর আবার চালু করা উচিত। দীর্ঘ সময় ধরে একটানা চলার ফলে রাউটারে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। নিয়মিত পুনরায় চালু করলে অনেক ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের সমস্যা কমে। তবে বারবার সমস্যা হলে শুধু এর ওপর নির্ভর না করে সমস্যার মূল কারণ খুঁজে দেখা প্রয়োজন।

৪. অপ্রয়োজনীয় ডিভাইস সরিয়ে দিন

আপনার ওয়াইফাইয়ে কতগুলো ডিভাইস সংযুক্ত রয়েছে, তা খেয়াল রাখা প্রয়োজন। পুরোনো ফোন, ট্যাব, স্মার্ট টিভি বা অন্যান্য ডিভাইস প্রয়োজন না থাকলেও নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। রাউটারের অ্যাপ বা সেটিংস থেকে সংযুক্ত ডিভাইসের তালিকা দেখে অপ্রয়োজনীয় ডিভাইসগুলো সরিয়ে দিন। এতে নেটওয়ার্কের ওপর অতিরিক্ত চাপ কমতে পারে।

৫. পুরোনো রাউটার বদলানোর সময় এসেছে কি না দেখুন

অনেক বছর ধরে একই রাউটার ব্যবহার করলে সেটিও ওয়াইফাইয়ের গতি কমিয়ে দিতে পারে। পুরোনো রাউটার নতুন ও বেশি সংখ্যক ডিভাইসের চাপ সামলাতে না পারলে রাউটার বদলাতে পারেন। তবে সবকিছুর পরও যদি ইন্টারনেট গতি নিয়ে সমস্যা থাকে, সে ক্ষেত্রে আপনার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সংকেত সংক্রান্ত সমস্যা জানাতে পারেন। অনেক ক্ষেত্রে সমস্যাটি বাড়ির ভেতরের ওয়াইফাই নয়, বরং মূল নেটওয়ার্ক বা সংযোগের দিকেও থাকতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর