জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কি আদেও নিরাপদ? এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকা সত্ত্বেও মেটা ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা পড়তে পারে—এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন একদল ব্যবহারকারী। এই আইনি লড়াই ও বিতর্কের মধ্যেই নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও নিটোল করতে 'স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস' (Strict Account Settings) নামে নতুন একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ।
সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের জন্য বাড়তি সুরক্ষা
বিজ্ঞাপন
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ মোডটি মূলত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের জন্য তৈরি। বিশেষ করে সাংবাদিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হওয়া সাইবার হামলা ও স্পাইওয়্যার প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে অজানা নম্বরের বিরক্তিকর কল থেকে মুক্তি পাওয়ার উপায়
'স্ট্রিক্ট মোড' চালু করলে যা ঘটবে:
পরিচিত কন্টাক্ট লিস্টের বাইরে থেকে আসা সব ধরনের অ্যাটাচমেন্ট এবং মিডিয়া ফাইল ব্লক হয়ে যাবে।
বিজ্ঞাপন
লিঙ্ক প্রিভিউ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকবে।
অজানা নম্বর থেকে আসা কলগুলো নিজে থেকেই সাইলেন্ট হয়ে যাবে।

কীভাবে চালু করবেন এই সেটিংস?
ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপের Settings থেকে Privacy বিভাগে গিয়ে Advanced মেনুর ভেতরে এই নতুন মোডটি খুঁজে পাবেন। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে মেটা।
সুরক্ষায় যুক্ত হলো নতুন প্রোগ্রামিং ভাষা 'রাস্ট'
কেবল সেটিংস পরিবর্তনই নয়, হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপের কোর এলিমেন্ট বা মূল কাঠামোতে পরিবর্তন এনেছে। মেটা জানিয়েছে, তারা এখন থেকে 'রাস্ট' (Rust) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। এই কারিগরি পরিবর্তনের ফলে স্পাইওয়্যার থেকে ছবি, ভিডিও এবং মেসেজ আরও সুরক্ষিত থাকবে। এই ব্যাকএন্ড আপডেটের জন্য ব্যবহারকারীদের আলাদা করে কিছু করতে হবে না।
যদিও ইলন মাস্কসহ অনেকেই হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে মেটা বরাবরই দাবি করে আসছে যে—তারা কখনোই ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট পড়তে পারে না। নতুন এই ফিচারগুলো মূলত সেই আস্থার জায়গাটি পুনর্গঠনের চেষ্টা।
এজেড

