বিশ্বজুড়ে অ্যাপল ভক্তদের কাছে আইফোনের উন্মাদনা সবসময়ই তুঙ্গে। তবে উচ্চমূল্যের কারণে অনেকের কাছেই এটি অধরা থেকে যায়। সেই আক্ষেপ মেটাতে এবার ‘বাজেট’ সিরিজে নতুন চমক নিয়ে আসছে অ্যাপল। গত বছরের ‘আইফোন ১৬ই’-এর ব্যাপক সাফল্যের পর এবার এর উত্তরসূরী হিসেবে বাজারে আসছে ‘আইফোন ১৭ই’। প্রযুক্তি বিশ্বে আলোচিত এই ফোনটির উৎপাদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে।
ডিসপ্লেতে বড় চমক: যুক্ত হচ্ছে ‘ডাইনামিক আইল্যান্ড’
আইফোন ১৭ই-এর সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন হতে যাচ্ছে এর ডিসপ্লেতে। সাধারণত অ্যাপলের প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ মডেলগুলোতে যে ‘ডাইনামিক আইল্যান্ড’ ফিচার দেখা যায়, এবার সেটি যুক্ত হচ্ছে এই সাশ্রয়ী মডেলে। এতে থাকছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি (Super Retina XDR OLED) ডিসপ্লে। স্ক্রিনের গুণমান নিশ্চিত করতে স্যামসাং, এলজি এবং বিওই-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে প্যানেল সংগ্রহ করছে অ্যাপল।
শক্তিশালী পারফরম্যান্স ও এআই সুবিধা
সাশ্রয়ী মডেল হলেও পারফরম্যান্সে কোনো আপস করছে না টেক জায়ান্টটি। আইফোন ১৭ই-তে ব্যবহার করা হতে পারে আইফোন ১৭ সিরিজের সর্বশেষ ‘এ১৯’ (A19) চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে আইওএস ২৬ (iOS 26), যা অ্যাপলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ পুরোপুরি সমর্থন করবে। ফলে ব্যবহারকারীরা সাশ্রয়ী দামেই সর্বাধুনিক এআই ফিচারের অভিজ্ঞতা পাবেন।

উন্নত সেলফি ক্যামেরা ও চার্জিং ব্যবস্থা
ফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের একটি শক্তিশালী সেন্সর থাকলেও সামনের ক্যামেরায় আসছে বড় পরিবর্তন। সেলফি ও ভিডিও কলের মান বাড়াতে এতে থাকছে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ‘সেন্টার স্টেজ’ ফিচার সমর্থন করবে।
আরও পড়ুন: আইফোনকে টেক্কা দিতে আসছে গুগল পিক্সেল ১০এ: জেনে নিন ফিচার ও দাম
ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবার ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সুবিধাও যুক্ত হতে পারে এই মডেলে। এছাড়া সংযোগের ক্ষেত্রে কোয়ালকম মডেমের পরিবর্তে অ্যাপল নিজস্ব ‘সি১’ বা ‘সি১এক্স’ মডেম ব্যবহার করতে পারে।
সম্ভাব্য দাম ও বাজারে আসার সময়
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে আইফোন ১৭ই-এর দাম হতে পারে প্রায় ৫৯,৯০০ রুপি। মেমোরি চিপের বৈশ্বিক দাম বাড়লে চূড়ান্ত মূল্যে সামান্য হেরফের হতে পারে। ক্লাসিক ব্ল্যাক ও হোয়াইট কালারে ফোনটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু এর উৎপাদন শুরু হয়ে গেছে, ধারণা করা হচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই ফোনটি বিশ্ববাজারে উন্মোচন করা হবে।
এজেড




