অ্যাপল আইফোনের জনপ্রিয় ‘এয়ারড্রপ’ (AirDrop) ফিচারের আদলে এবার অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত সুবিধা নিয়ে আসছে গুগল। এখন থেকে দুইটি অ্যানড্রয়েড ফোন কাছাকাছি এনে বা ট্যাপ করলেই খুব সহজে ছবি, ফাইল, কনট্যাক্ট বা লোকেশন লিংক শেয়ার করা যাবে। অ্যানড্রয়েডের জনপ্রিয় ফাইল শেয়ারিং মাধ্যম ‘কুইক শেয়ার’ (Quick Share)-এর অংশ হিসেবেই এই নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
কী এই ‘ট্যাপ টু শেয়ার’?
গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফাইল আদান-প্রদানের সময় আলাদা করে কোনো ঝামেলাপূর্ণ সেটিংস বা অপশন খুঁজতে হবে না। দুইটি ফোন পাশাপাশি এনে সামান্য স্পর্শ বা ট্যাপ করলেই ডেটা শেয়ারিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপাতত গুগলের পিক্সেল ৬ এবং পরবর্তী মডেলগুলোতে (যেখানে অ্যানড্রয়েড ১৭ রয়েছে) এবং স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ৮-এর মতো কিছু নির্বাচিত ডিভাইসে এই সুবিধা চালু করা হয়েছে। তবে চলতি বছরের শেষের দিকে আরও বেশি অ্যানড্রয়েড ডিভাইসে এই ফিচারটি উপলব্ধ হবে বলে জানিয়েছে গুগল।
কীভাবে কাজ করবে এই ফিচার?
প্রথমে ফাইল আদান-প্রদান করতে ইচ্ছুক দুইটি অ্যানড্রয়েড ফোনই আনলক করতে হবে।
এরপর ডিভাইস দুইটিকে কাছাকাছি এনে পরস্পরের সঙ্গে স্পর্শ করাতে হবে।
ফোন দুটিতে ‘ট্যাপ টু শেয়ার’ প্রযুক্তির মাধ্যমে সংযোগ স্থাপন হলে ছবি, ভিডিও, লোকেশন লিংক বা প্রয়োজনীয় মিডিয়া ফাইল সিলেক্ট করে তা শেয়ার করা যাবে।
ফাইল পাঠানো শেষ হলে ফোন দুটি দূরে সরিয়ে নিলেই সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে।
ফিচারটি বন্ধ বা চালুর উপায়
সাধারণত এই ‘ট্যাপ টু শেয়ার’ ফিচারটি ফোনে ডিফল্টভাবেই চালু থাকে। তবে ব্যবহারকারী চাইলে নিরাপত্তার খাতিরে এটি নিজের পছন্দমতো বন্ধ বা চালু রাখতে পারেন। এর জন্য ফোনের Settings থেকে Google, এরপর ‘Quick Share’ অপশনে গিয়ে ‘Tap to Share’ টগলটি নিয়ন্ত্রণ করা যাবে।
অ্যাপল ইকোসিস্টেমের বাইরে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের ফাইল শেয়ারিং অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিশীল করতেই গুগলের এই নতুন উদ্যোগ।
এজেড




