বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্যারিসে জোকোভিচের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

প্যারিসে জোকোভিচের নতুন ইতিহাস

পঁচিশের তারুণ্যকে পেছনে ফেলে ৩৯ বছর বয়সেও টেনিস কোর্টে অপ্রতিরোধ্য নোভাক জোকোভিচ। বয়সকে নিছক সংখ্যা প্রমাণ করে প্যারিস মাস্টার্সের প্রথম রাউন্ডেই এক দুর্দান্ত রেকর্ড গড়েছেন এই সার্বিয়ান কিংবদন্তি। দীর্ঘ লড়াইয়ের পর জয় তুলে নিয়ে তুরিনে বসা মর্যাদাপূর্ণ এটিপি ফাইনালসে খেলার স্বপ্নও টিকিয়ে রেখেছেন তিনি।

প্যারিস মাস্টার্সের প্রথম রাউন্ডে মোনাকোর তরুণ প্রতিযোগী ভ্যালেন্তিন ভাশেরোর মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। ২৭ বছর বয়সী ভাশেরোর বিপক্ষে জয় পাওয়াটা সহজ ছিল না। প্রথম সেটের টাইব্রেকারে এগিয়ে থেকেও খেই হারিয়ে তা হাতছাড়া করেন তিনি। এরপর দ্বিতীয় সেটে কাঁধের চোটে পড়ে নিতে হয় মেডিকেল টাইমআউট।

তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি সার্বিয়ান মহাতারকা। দ্বিতীয় সেট ৭-৫ গেমে জিতে ম্যাচে সমতা ফেরানোর পর, শেষ সেটে প্রতিপক্ষকে পাত্তাই দেননি। দীর্ঘ ২ ঘণ্টা ৩৫ মিনিটের এই ম্যারাথন লড়াইয়ে শেষ পর্যন্ত ৬-৭ (৫), ৭-৫ ও ৬-১ গেমে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচটি জয়ের মধ্য দিয়ে প্যারিস মাস্টার্সের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ম্যাচ জয়ের অনন্য এক রেকর্ড নিজের করে নেন জোকোভিচ। ৩৯ বছর ১৬৪ দিন বয়সে এই জয় তুলে নেন তিনি। ১৯৯১ সালে ৩৯ বছর ৫৬ দিন বয়সে ম্যাচ জিতে এতদিন এই রেকর্ডের একক মালিক ছিলেন টেনিস কিংবদন্তি জিমি কনর।

চলতি মৌসুমে ওঠানামার মধ্য দিয়ে গেলেও প্যারিসের এই জয় জোকোভিচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১৫ থেকে ২২ নভেম্বর তুরিনে অনুষ্ঠিত হতে যাওয়া ৮ জন সেরা খেলোয়াড়ের আসর ‘এটিপি ফাইনালস’-এ জায়গা করে নেওয়ার দৌড়ে বর্তমানে ১১ নম্বরে অবস্থান করছেন তিনি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে জোকোভিচ বলেন, ম্যাচটি শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর ছিল। প্রথম দেড় সেট প্রতিপক্ষের শক্তিশালী সার্ভিস বুঝতে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত নিজের সেরা ছন্দ খুঁজে পেয়ে লড়াইয়ে টিকে থাকতে পেরে আনন্দিত তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর