শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাঁজার গন্ধে বেসামাল, মাঝপথেই বন্ধ ম্যাচ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

গাঁজার গন্ধে বেসামাল, মাঝপথেই বন্ধ ম্যাচ!

বৃষ্টি, দর্শকদের অনাকাঙ্ক্ষিত চিৎকার কিংবা খেলোয়াড়দের চোট; টেনিস ম্যাচ সাময়িক বন্ধ হওয়ার পেছনে সাধারণত এসব দৃশ্যই পরিচিত। কিন্তু কোর্টে গাঁজার গন্ধের কারণে খেলা বন্ধ রাখতে হচ্ছে, এমন ঘটনা ক্রীড়া ইতিহাসে বেশ বিরল। ঠিক এমন এক অদ্ভুত ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বেলারুশের টেনিস সেনসেশন আরিয়ানা সাবালেঙ্কা।

ইউএস ওপেনের ম্যাচে কামিলা রাখিমোভার বিপক্ষে কোর্টে লড়ছিলেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। ম্যাচের এক পর্যায়ে নিজের সার্ভ করার সময় হঠাৎ করেই মনোযোগ হারিয়ে ফেলেন তিনি। কারণটা প্রতিপক্ষের কোনো দুর্দান্ত শট বা দর্শকদের কোলাহল ছিল না, ছিল বাতাসে ভেসে আসা গাঁজার তীব্র গন্ধ।

উৎকট এই গন্ধে রীতিমতো বেসামাল হয়ে পড়েন বেলারুশ তারকা। খেলায় মনোযোগ ধরে রাখা যখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, তখন বাধ্য হয়েই তিনি চেয়ার আম্পায়ারের কাছে ছুটে যান। আম্পায়ারের কাছে নালিশ জানিয়ে সাবালেঙ্কা বলেন, তার দীর্ঘ ক্যারিয়ারে টেনিস কোর্টে এর আগে কখনোই এমন তীব্র ও অস্বস্তিকর গন্ধের সম্মুখীন হননি তিনি। তারকা এই খেলোয়াড়ের এমন অভিযোগের পর সাময়িকভাবে ম্যাচটি বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়ার।

শুক্রবার উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচে সাবালেনকা দ্রুত ৩-০ এগিয়ে যান এবং শেষ পর্যন্ত সোজা সেটে জয় তুলে নেন। কিন্তু দ্বিতীয় সার্ভিস গেমে তিনি আম্পায়ার ইভা আসদেরাকি-মুরের দৃষ্টি আকর্ষণ করেন। তখন স্কোর ছিল ৩০-০। তিনি বলেন, “কেউ গাঁজা খাচ্ছে। আপনি কি একটু দেখবেন? গন্ধটা খুব তীব্র।”

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাবালেনকা হাসতে হাসতে ব্যাখ্যা করেন, তিনি কারও মজার ওপর আপত্তি করছেন না। মানুষ যা খুশি করতে পারে, শিথিল হতে পারে। কিন্তু টেনিস কোর্টের আশপাশে যেন এসব না করা হয়। কারণ প্রতিযোগিতায় সেরা খেলতে গিয়ে এমন গন্ধ সামলানো বেশ কঠিন হয়ে যায়।

ফ্লাশিং মিডোজে এ ধরনের গন্ধ নতুন কিছু নয়। আগেও খেলোয়াড়রা এর অভিযোগ করেছেন। স্টেডিয়ামের ভেতরে ধূমপান নিষিদ্ধ। তবে নিউইয়র্কে ২১ বছরের বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা বৈধ। তাই আশপাশের ফ্লাশিং মিডোজ-কোরোনা পার্ক থেকে ধোঁয়া ভেসে এসে কোর্টে পৌঁছে যায়।

সাবালেনকা জানান, টুর্নামেন্টে আগেও তিনি এ গন্ধ পেয়েছেন। কিন্তু ম্যাচ চলাকালীন এত তীব্রভাবে কখনো নয়। শুক্রবার হাওয়া থাকার কারণে গন্ধ আরও জোরে এসেছে বলে তিনি মনে করেন। এটা দর্শকদের কাছ থেকে এসেছে নাকি বাইরে থেকে, তা তিনি নিশ্চিত নন। তিনি শুধু আশা করেন, মানুষ একটু সচেতন হবেন।

বেলারুশের টেনিস তারকা শেষে হাসতে হাসতে বলেন, “আর কিছু বলার নেই গাঁজা নিয়ে। শুধু অনুরোধ, টেনিস কোর্টের পাশে যেন কেউ ধূমপান না করে।”

সূত্র: আলজাজিরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর