মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

অস্কার পেলেন আলকারাজ, সাবালেঙ্কা ও ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

শেয়ার করুন:

অস্কার পেলেন আলকারাজ, সাবালেঙ্কা ও ইয়ামাল

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর লরিয়াস বর্ষসেরা পুরস্কারে এ বছর যেন টেনিসের জয়জয়কার। বর্ষসেরা পুরুষ ও নারী দুই প্রধান বিভাগেই শিরোপা গেছে টেনিস তারকাদের হাতে।

সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘খেলাধুলার অস্কার’ খ্যাত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


বিজ্ঞাপন


এবার বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস সেনসেশন কার্লোস আলকারাজ। অন্যদিকে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। দুজনেরই ক্যারিয়ারে এটি প্রথম লরিয়াস স্বীকৃতি।

গত বছর অসাধারণ পারফরম্যান্স দেখান আলকারাজ। তিনি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন শিরোপা। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাঁদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’ 

অন্যদিকে, নারী বিভাগে সাবালেঙ্কাও দারুণ বছর কাটিয়েছেন। তিনি জিতেছেন ইউএস ওপেন শিরোপা। পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত সাবালেঙ্কা বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা যেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’

এছাড়া বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে লামিন ইয়ামালের হাতে। বার্সেলোনার ১৮ বছর বয়সী এই উইঙ্গার পুরস্কার পেয়ে পরিবার, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে ইয়ামাল স্মরণ করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। তাঁর মতে, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।’

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর