সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন রিবাকিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন রিবাকিনা

আরিনা সাবালেঙ্কাকে ৬–৪, ৪–৬, ৬–৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন এলেনা রিবাকিনা। শনিবার রড লেভার অ্যারেনায় হওয়া ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে দারুণ আক্রমণাত্মক টেনিসে তিন বছর আগের মেলবোর্ন পার্কের ফাইনালের হিসাবও চুকিয়ে নেন কাজাখ তারকা।

২০০৮ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে এমন দুই খেলোয়াড় মুখোমুখি হলেন, যারা টুর্নামেন্টে একটি সেটও হারেননি। শুরুতে অবশ্য সাবালেঙ্কাই চাপে পড়েন। প্রথম গেমেই ব্রেক করে রিবাকিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন।


বিজ্ঞাপন


পঞ্চম বাছাই রিবাকিনার শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোক দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে ভোগায় নিয়মিত। দশম গেমে সেট পয়েন্ট কাজে লাগিয়ে প্রথম সেট জিতে নিলে সাবালেঙ্কার বক্সে উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে।

গত ৪৮ হার্ডকোর্ট গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে ৪৬ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নামা চারবারের মেজরজয়ী সাবালেঙ্কা দ্বিতীয় সেটে ছন্দ খুঁজে পান। শুরুটা ইতিবাচক হলেও ১–১ করতে রিবাকিনা তিনটি ব্রেক পয়েন্ট বাঁচান। তবে রিবাকিনার একটি ভুল ফোরহ্যান্ডে সুযোগ পেয়ে সেট সমতায় ফেরান সাবালেঙ্কা।

ফাইনাল সেট তখন স্নায়ুর লড়াই। ২০২৩ সালের ফাইনালে একই পরিস্থিতি থেকে রিবাকিনাকে হারানোর স্মৃতি কাজে লাগিয়ে সাবালেঙ্কা টানা উইনার মেরে ৩–০ এগিয়ে যান। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ান রিবাকিনা। ব্যবধান ঘুচিয়ে ৪–৩ ব্যবধানে ব্রেক নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ নিজের করে নেন তিনি। এর মধ্য দিয়ে ২০২২ উইম্বলডনের পর আরেকটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা যোগ হলো রিবাকিনার ঝুলিতে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর