সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মহাকাব্যিক লড়াই জিতে ফাইনালে আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

মহাকাব্যিক লড়াই জিতে ফাইনালে আলকারাজ

তীব্র গরম, শরীরজুড়ে ক্র্যাম্প আর টানা পাঁচ ঘণ্টার বেশি সময়ের ক্লান্তিকর লড়াই- সব বাধা পেরিয়ে আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। শুক্রবার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত সেমিফাইনালে বিশ্ব নম্বর এক স্প্যানিয়ার্ড জিতেছেন ৬-৪, ৭-৬ (৭/৫), ৬-৭ (৩/৭), ৬-৭ (৪/৭), ৭-৫ সেটে। ম্যাচের সময় ছিল ৫ ঘণ্টা ২৭ মিনিট।

এই জয়ের মাধ্যমে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন আলকারাজ। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাঁর প্রতিপক্ষ হবেন জানিক সিনার অথবা নোভাক জোকোভিচ। শিরোপা জিততে পারলে তিনি হবেন ওপেন যুগের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়, যিনি চারটি গ্র্যান্ড স্লামই জেতার কৃতিত্ব অর্জন করবেন।


বিজ্ঞাপন


তবে ম্যাচটি আলকারাজের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তৃতীয় সেটে ৪-৪ গেমে। হঠাৎ করেই ক্র্যাম্পে ভুগতে শুরু করেন তিনি, চলাফেরায় স্পষ্ট সমস্যা দেখা যায়। পরিবর্তনের সময় চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হলে জেভেরেভ ক্ষুব্ধ হয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান, কারণ শুধুমাত্র ক্র্যাম্পের জন্য মেডিক্যাল টাইমআউট নেওয়া নিয়মসিদ্ধ নয়।

এরপরও ম্যাচ চালিয়ে যান আলকারাজ, যদিও তখন তাঁর গতি অনেকটাই কমে গিয়েছিল। সেই সেটে টাইব্রেকে হেরে টুর্নামেন্টে প্রথমবারের মতো একটি সেট হারান তিনি। তবে ‘পিকল জুস’ নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেন এবং লড়াইয়ে ফেরেন।

চতুর্থ সেটেও টাইব্রেক গড়াল ম্যাচ, সেখানে আবার এগিয়ে যান জেভেরেভ। পঞ্চম সেটে শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যান জার্মান তারকা। কিন্তু ম্যাচ সার্ভ করতে গিয়ে চাপ সামলাতে পারেননি তিনি। ৫-৫ এ আলকারাজ ব্রেক করে ম্যাচে সমতা ফেরান এবং পরের গেমেই আবার ব্রেক করে জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে আলকারাজ বলেন, “সব সময় নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। যত কষ্টই আসুক, বিশ্বাসটা ধরে রাখতে হবে। তৃতীয় সেটের মাঝামাঝি সময়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল।” ২২ বছর বয়সী আলকারাজ এরই মধ্যে দুটি ফ্রেঞ্চ ওপেন, দুটি ইউএস ওপেন ও দুটি উইম্বলডন জিতেছেন। কিন্তু মেলবোর্নের নীল হার্ডকোর্টে সাফল্য এতদিন অধরাই ছিল। এবার সেই আক্ষেপ ঘোচানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে স্প্যানিশ সুপারস্টার। ফাইনালে আর একটি জয় মানেই ইতিহাস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর