শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হেরেও অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

হেরেও অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

প্রতিপক্ষ লরেঞ্জো মুসেত্তি চোটের কারণে ম্যাচ ছেড়ে দেওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন নোভাক জোকোভিচ। এর ফলে ১৩তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি। শেষ চারে তার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। অন্য পুরুষদের সেমিফাইনালে মুখোমুখি হবেন স্পেনের কার্লোস আলকারাজ ও তৃতীয় বাছাই আলেকজান্ডার জেভেরেভ।

রড লেভার অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিলেন পঞ্চম বাছাই মুসেত্তি। প্রথম দুই সেট ৬-৪, ৬-৩ গেমে জয়ের পর তৃতীয় সেটে ৩-১ ব্যবধানে লিডও নেন তিনি। কিন্তু ম্যাচের মাঝেই ডান পায়ের উপরের অংশে চোট পান মুসেত্তি। চিকিৎসা নেওয়ার পর তার চলাচলে স্পষ্ট সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত অনিচ্ছাসত্ত্বেও তাকে ম্যাচ ছেড়ে দিতে হয়।

ম্যাচে জোকোভিচ স্বাভাবিক ছন্দে ছিলেন না। অনেক অপ্রত্যাশিত ভুল করেন তিনি। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, “তার জন্য সত্যিই খারাপ লাগছে। আজ সে অসাধারণ খেলছিল। আমি তো প্রায় হেরেই যাচ্ছিলাম। এমন ঘটনা আমার সঙ্গেও আগে ঘটেছে। আজ নিঃসন্দেহে জেতার কথা ছিল তারই। আমি সত্যিই ভাগ্যবান।”

এর আগে শেষ ষোলোতেও ভাগ্য সহায় হয়েছিল জোকোভিচের। সেবার প্রতিপক্ষ জাকুব মেনশিক কোনো বল না খেলেই ম্যাচ থেকে সরে দাঁড়ান। ৩৮ বছর বয়সী জোকোভিচ রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে খেলছেন। ২০২৩ ইউএস ওপেনের পর থেকে তিনি সেই মাইলফলকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজের উত্থানে তার পথ আগের চেয়ে অনেক কঠিন হয়ে উঠেছে।

জোকোভিচ নিজেও ম্যাচের সময় চিকিৎসা নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আজ রাতে ঈশ্বরের কাছে আমি দ্বিগুণ কৃতজ্ঞতা জানাব, আবারও এই সুযোগ দেওয়ার জন্য।” ইতালির দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনার কোয়ার্টার ফাইনালে মার্কিন অষ্টম বাছাই বেন শেলটনকে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হারান। জোকোভিচের বিপক্ষে সিনারের হেড-টু-হেড রেকর্ড এখন ৬-৪। সর্বশেষ পাঁচ দেখায় জিতেছেন সিনারই।

নারী এককে মেলবোর্নের ১১তম দিনে সরাসরি সেটে জয় পান জেসিকা পেগুলা ও এলেনা রিবাকিনা। সেমিফাইনালে তারা একে অপরের মুখোমুখি হবেন। ২০২২ উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা দ্বিতীয় বাছাই ইগা সোয়াইতেককে ৭-৫, ৬-১ সেটে হারান। এই হারে সোয়াইতেকের ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন আবারও ভেঙে গেল। তিনি এর আগে ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন ও উইম্বলডন জিতেছেন। অন্য কোয়ার্টার ফাইনালে জেসিকা পেগুলা অল-আমেরিকান লড়াইয়ে আমান্ডা আনিসিমোভাকে ৬-২, ৭-৬ (৭-১) সেটে হারান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর