রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা  

রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রতি মিনিটে মাঠে খেলেছেন ফ্রান্সের সেন্ট্রাল ডিফেন্ডারের রাফায়েল ভারানে। তবে কাতার বিশ্বকাপে তার দল ফাইনালে উঠলেও ইনজুরির কারণে তিনি ছিলেন না সেরা ছন্দে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আরও বেশি মনোযোগী হতে নিয়েছেন কঠিন সিদ্ধান্ত। মাত্র ২৯ বছর বয়েসেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী এই তারকা।    

এই ডিফেন্ডারের ফরাসি জার্সিতে অভিষেক হয় ২০১৩ সালে। জাতীয় দলের ১০ বছরের ক্যারিয়ারে খেলেন ৯৩ ম্যাচ, যেখানে ডিফেন্ডার হয়েও গোল করেন ৫টি। এছাড়া বিদায় বলার আগে তার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ ছিলো ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। যেখানে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হারে ফ্রান্স। অপরদিকে জাতীয় দলের হয়ে জেতেন ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০২১ সালে উয়েফা নেশনস লিগ।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ের ঘোষণায় দিয়ে ভারানে বলেন, ‘এক যুগ মহান দেশের প্রতিনিধিত্ব করতে পারা জীবনের সবচেয়ে সম্মানের বিষয়। কয়েক মাস ধরে চিন্তা ভাবনার পরে মনে হয়েছে যে, জাতীয় দল থেকে সরে যাওয়ার এটাই সেরা সময়।’ 

এছাড়া জাতীয় দলকে মিস করবেন জানিয়ে বলেন, ‘তোমাদের সঙ্গে (সতীর্থ) কাটানো সময় অবশ্যই মিস করবো। তবে এটাও ঠিক, এটা নতুন প্রজন্মের কাঁধে দায়িত্ব দেওয়ার সময়। হৃদয় থেকে সকলকে ধন্যবাদ।’

ফরাসি এই ডিফেন্ডার দশ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর ২০২১ সালে মোটা অঙ্কের অর্থে দলবদলের শর্তে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। এরপর একাধিক ইনজুরিতে পড়েছেন। তাই ক্লাব ক্যারিয়ার দীর্ঘ করতে ও শীর্ষ পর্যায়ের পারফরম্যান্স ধরে রাখতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর