বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড ১৫০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। সিটির জার্সিতে মাঠে নামার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন আর্লিং হল্যান্ড। ভালো খেলার পুরস্কারস্বরূপ বেড়েছে তাঁর বাজারদর। অনেক ক্লাবই তাকে পেতে মরিয়া বলে জানিয়েছেন হল্যান্ডের ম্যানেজার রাফায়েল পিমেন্টা। পিমেন্টার দাবি, 'এর পর হল্যান্ডকে নিতে কোন ক্লাবের ১ বিলিয়ন পাউন্ড গুণতে হতে পারে। এমনটা হলে হল্যান্ডই হবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার'।
ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতি ম্যাচেই গোল করেছেন হল্যান্ড। ১৪ ম্যাচে তার গোল ২০টি। বক্সের বাইরে ও বক্সের মধ্যে সমান ভয়ঙ্কর তিনি। যেমন রয়েছে তার গতি, তেমন শটের জোর। যে কোনো গোলরক্ষকের কঠিন পরীক্ষা নেওয়ার ক্ষমতা রয়েছে এই দীর্ঘদেহী স্ট্রাইকারের।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত ট্রান্সফার মার্কেটে সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে দল বদল করেছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। তিন জনকেই ১৮০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই। সেই অঙ্ককে আরও বড় ব্যবধানে হল্যান্ড ছাপিয়ে যাবেন বলে দাবি তার ম্যানেজারের।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পিমেন্টা জানান,'যদি হল্যান্ডের ফুটবল দক্ষতা, ব্যক্তিত্ব, ওর জন্য কত বিনিয়োগকারী আসে, সব হিসাব করা হয়, তা হলে আমি নিশ্চিত ওর মূল্য ১ বিলিয়ন পাউন্ড হয়ে যাবে। ওর বাজারদর সম্পর্কে এখনও কারও ধারণা নেই। আমার মনে হয়, দলবদল করলে হল্যান্ডই প্রথম ফুটবলার হবে যে এত টাকা পাবে'।
ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কিছু দিন পরেই গুঞ্জন উঠেছিল হল্যান্ডের চুক্তিতে লেখা রয়েছে, ২০২৩-২৪ মৌসুমের পর তিনি চাইলে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা।
বিজ্ঞাপন
এফএইচ

