আজ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ক্রিস্তোফ গালতিয়েরের পিএসজি। প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। লিগ ওয়ানে উড়ন্ত ফর্মে থাকা ফরাসি ক্লাবটি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে নতুন কোচের অধীনে কেমন করবে তার আঁচ পাওয়া যাবে আজই। তবে মহাগুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে নিজের শিষ্যদের সাফ জানিয়ে দিয়েছেন গালিতিয়ের, চাইলেও সব ম্যাচে খেলতে পারবেন না সবাই।
গালতিয়ের বলেন, 'আমি এটা নিয়ে দু'বার কথা বলেছি। একবার সবার সঙ্গে আলাদাভাবে, একবার পুরো স্কোয়াডের সামনে। তাদের জানিয়ে দিয়েছি কেমন হতে চলেছে সবকিছু ও এটা মেনে নিয়ে আমাদের সঠিক আচরণ দেখাতে হবে।'
মূলত টানা খেলা ও বিশ্বকাপের কারণেই এমনটা করতে বাধ্য হচ্ছেন বলে জানান ফরাসি কোচ, 'আপনি বলতে পারেন এটা নতুন। তবে অত্যন্ত ব্যস্ত সূচির কারণে এটা সবাইকেই মানতে হবে। আমাদের প্রচুর খেলা থাকে, প্রতি ৩-৪ দিন পরপরই। তার ওপর বিশ্বকাপও রয়েছে। সবার বুঝতে হবে তারা সব ম্যাচে খেলতে পারবে না।'
কোচের এই নীতি সমর্থন করছেন দলটির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বেও, 'সবার খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সবার মধ্যেই প্রতিভা আছে।'
সাবেক কোচ মরিসিও পচেত্তিনো অবশ্য এতটা সতর্ক ছিলেন না খেলোয়াড়দের ইনজুরি নিয়ে। দলের প্রধান তিন তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং নেইমারকে খুব দরকার না হলে সাইডবেঞ্চে পাঠাতেন না এই আর্জেন্টাইন। তবে গালতিয়েরের দর্শন ভিন্ন, সর্বশেষ লিগ ম্যাচে নান্তেসের বিপক্ষে নেইমারকে শুরুর একাদশে রাখেননি তিনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল তারকা মাঠে নামেন, বিনা আপত্তিতে উঠে যান ফরাসি সেনসেশন এমবাপে।
লিওনেল মেসিকেও 'অতিরিক্ত' ব্যবহারে আপত্তি রয়েছে পিএসজি কোচের। মোনাকো তুলুসের বিপক্ষে শেষ সময়ে আর্জেন্টাইন অধিনায়ককে তুলে নিয়েছিলেন গালতিয়ের। দায়িত্ব নিয়েই ফরাসি কোচ জানিয়েছিলেন, সবার আগে দল। তার দর্শনের সুফলও ভোগ করছে ফরাসি জায়ান্টরা, ৬ ম্যাচে রেকর্ড ২৪ গোল করেছে প্যারিসিয়ানরা।
এআইএ




