ক্রিকেট মাঠে বয়স যে শুধু একটা সংখ্যা, সে কথা আবারও প্রমাণ করলেন আইল অব ম্যানের স্পিনার জোয়ানা হিকস। ৫১ বছর ১৭৩ দিন বয়সে আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে তিনি গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এত বেশি বয়সে ফাইভ-উইকেট হল নেওয়ার নজির আর কারও নেই।
রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিস নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন অফস্পিনার জোয়ানা। মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। তার ঘূর্ণি বলের সামনে টিকতে না পেরে গ্রিস মাত্র ১৫ ওভারে ৫২ রানেই অলআউট হয়ে যায়। জবাবে আইল অব ম্যান মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয়।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ৫০ বছর পেরোনোর পর এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার গৌরব প্রথমবার অর্জন করলেন জোয়ানা। এর ফলে ভেঙে গেল ৯৬ বছরের পুরনো রেকর্ড। ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে ফাইভার নিয়ে সেই রেকর্ড ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বাঁহাতি স্পিনার বার্ট আইরনমঙ্গার।
ঐ মেলবোর্ন টেস্টে আইরনমঙ্গার দুই ইনিংসেই ৫ উইকেটের বেশি নিয়েছিলেন, প্রথম ইনিংসে ৬ রানে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ৬টি। অস্ট্রেলিয়ার ১৫৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসে যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে গুটিয়ে গেলে বড় জয় পায় অজিরা। ১৪ টেস্টের ক্যারিয়ার শেষে ১৯৩৩ সালে ৫০ বছর ৩২৭ দিন বয়সে খেলা ছাড়েন আইরনমঙ্গার, যিনি এখনও টেস্ট ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার।
জোয়ানার রেকর্ডভাঙার গল্প অবশ্য আগেও শোনা গেছে। ২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে গ্রিস ও মাল্টার বিরুদ্ধে জোড়া ফাইভার তুলে ৪৯ বছর ১৬৮ দিন বয়সে নারী ক্রিকেটের বয়োজ্যেষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেটের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি। এবার পুরুষ-নারী দুই ক্রিকেট জগতকেই ছাড়িয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করলেন এই অদম্য ক্রিকেটার।




