আয়ারল্যান্ডের জন্য বড় দুঃসংবাদ এসেছে টি–টোয়েন্টি বিশ্বকাপে। হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় দলের অধিনায়ক পল স্টার্লিং টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটার স্যাম টপিংকেকে।
গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান ৩৫ বছর বয়সী স্টার্লিং। অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভারে জশ ইংলিসকে আউট করতে ডাইভ দিয়ে ক্যাচ ধরার সময় তাঁর হাঁটুতে আঘাত লাগে। পরে ব্যাট করতে নামলেও ইনিংসের প্রথম বলেই দৌড়াতে গিয়ে ব্যথা বেড়ে যায়। ফলে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ম্যাচের পর পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্যান রিপোর্টে হাঁটুর লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়। ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে সময় লাগবে। তাই স্টার্লিংকে দেশে ফিরিয়ে পুনর্বাসনে পাঠানো হচ্ছে, যাতে সামনে ঘরের মৌসুমে তিনি প্রস্তুত থাকতে পারেন।
স্টার্লিংয়ের বদলি হিসেবে দ্রুত দলে যোগ দিয়েছেন ২০ বছর বয়সী স্যাম টপিং। তিনি সম্প্রতি চেন্নাইয়ে নর্দার্ন নাইটসের অনুশীলন ক্যাম্পে ছিলেন। দলের ম্যানেজমেন্টের মতে, শ্রীলঙ্কার মতো কন্ডিশনে অনুশীলন করার অভিজ্ঞতা টপিংয়ের কাজে লাগবে। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও দলে বিকল্প দিতে পারবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি টপিংয়ের। তবে সাম্প্রতিক ঘরোয়া টি–টোয়েন্টি মৌসুমে তিনি ভালো ফর্মে ছিলেন। ৩১ গড়ে ২১৭ রান করেছেন, স্ট্রাইক রেট ছিল ১৪০। তাঁর সর্বোচ্চ ইনিংস ৪৮ বলে ৮৩ রান।
এদিকে গ্রুপ পর্বে টিকে থাকতে আয়ারল্যান্ডের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। কলম্বোতে ওমানের বিপক্ষে জিততেই হবে তাদের। এরপর পাল্লেকেলেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই ম্যাচেই ভালো পারফরম্যান্স দরকার দলের।
এসটি




