উইন্ডিজ সফরে অনেকদিন পর সেরা একাদশ থেকে বাদ পড়ার স্বাদ পেয়েছেন মুমিনুল হক। কথা ছিল ‘এ’ দলের সঙ্গে আবারও উইন্ডিজ সফরে যাবেন তিনি, তবে আদতে দেখা মিলল ভিন্ন ঘটনার। সেই সফরের স্কোয়াডেই নেই সদ্য সাবেক টেস্ট কাপ্তান!
আজ শুক্রবার দুপুরে এক বিবৃতিতে উইন্ডিজ সফরের দু'টি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে নাম না থাকায়, ‘এ’ দলের উইন্ডিজগামী বিমানে উঠছেন না মুমিনুল।
মুমিনুলের জায়গা না হলেও ফর্মহীন ওপেনার সৌম্য সরকার ও টি-টোয়েন্টি স্পেশালিষ্ট সাব্বির রহমানের নাম আছে সীমিত ওভারের স্কোয়াডে। আরও জায়গা পেয়েছেন নাঈম শেখ ও রাকিবুল হাসান।
শুধু লঙ্গার ভার্সনের বিবেচনায় রাখা হয়েছে সাদমান ইসলাম, ফজলে রাব্বি, তানভির ইসলাম ও মোহাম্মদ এনামুল হককে। দুই স্কোয়াডেই জায়গা পেয়েছেন ১১ ক্রিকেটার। প্রায় এক মাসের এই সফরে বাংলাদেশ ‘এ’ দল ঢাকা ছাড়বে আগামী ৩১ জুলাই।
সেখানে গিয়ে খুব একটা অনুশীলনের সুযোগ পাবেন না ক্রিকেটারা। ৪ আগস্ট নেমে পড়তে হবে ২২ গজে। সেন্ট লুসিয়ায় সেদিনই মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচে। সফরের সবকটি ম্যাচের ভেন্যুই সেন্ট লুসিয়া। ১০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।
১৬ আগস্ট শুরু সাদা বলের লড়াই। এরপর ১৮ ও ২০ আগস্ট বাকি দুটি এক দিনের ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ ‘এ’ দল।
চার দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।
এক দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড
সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাইম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
এআইএ




