অধিনায়কত্বের চাপে ব্যাটার মুমিনুলকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে সেই গুরুদায়িত্ব ছেড়েও কিছুতেই যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের লিটল মাস্টার। চলমান অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসেও ছুঁতে পারলেন না দুই অংকের কোঠা, ফিরলেন মাত্র ৪ রান করে।
দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় আগের দিনের বিপর্যয় কাটানোর ইঙ্গিত দিলেও আবারও ব্যর্থ হন শান্ত। এরপর ক্রিজে আসেন সদ্য বিদায়ী অধিনায়ক মুমিনুল।
৩৫তম ওভারে মায়ার্সের ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে ব্যাট প্যাডে আটকে যায় মুমিনুলের। স্ট্যাম্প লাইনের বলে আম্পায়ার আউট দিলে বিস্মিত হয়ে রিভিউ নেন তিনি! ফলে আবারও একটি শিশুসুলভ ভুলে রিভিউ নষ্ট করে বাংলাদেশ।
সর্বশেষ জানুয়ারি মাস থেকেই রান নেই মুমিনুলের ব্যাটে। ১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৮ রানই তার শেষ বলার মতো স্কোর। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে রীতিমতো শোচনীয় ফর্মে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার।
শেষ ৯ ইনিংসে একবারও ছুঁতে পারেননি দুই অংকের কোটা! এ সময়ে তার রান যথাক্রমে ০, ২, ৬, ৫, ২, ৯, ০, ০ এবং ৪।
এআইএ




