অস্ট্রেলীয় অধিনায়ক মিচেল মার্শের ঝোড়ো সেঞ্চুরির প্রতিরোধ সামলে রোববার (২৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) রোমাঞ্চকর চতুর্থ টি-টোয়েন্টিতে ৭ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল ইংলিশরা। আগামী বুধবার ক্যানবেরায় অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ ৯টি চার ও ৯টি ছক্কায় ৫৭ বলে ১১৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তবে শেষ ওভারের তৃতীয় বলে হেনরি ক্রোকম্বের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হলে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।
পরের বলেই জোয়েল ডেভিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের দুয়ারে পৌঁছে যান ক্রোকম্ব। আর তাতে শেষ বলে অস্ট্রেলিয়ার সামনে ৯ রানের অসম্ভব সমীকরণ দাঁড়ায়। শেষ পর্যন্ত ২৮ রানে ৩ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন ক্রোকম্ব।
একাই লড়াই চালিয়ে যাওয়া মার্শ ১৮২ রানের লক্ষ্য তাড়ায় দলকে বেশ ভালো অবস্থানেই রেখেছিলেন। শেষ ২৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৪৬ রান। কিন্তু লেগ-স্পিনার আদিল রশিদ (৪ ওভারে ১/১৪) এবং বাঁহাতি পেসার স্যাম কারানের (৪ ওভারে ১/২৬) নিয়ন্ত্রিত ও চাপ সৃষ্টিকারী বোলিংয়ে রানের গতি কমে যায় অস্ট্রেলিয়ার।
ম্যাচ শেষে মার্শ বলেন, "আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম। পুরো ইনিংসেই আমরা ওভারপ্রতি ১০ রান করে তুলেছি। সম্ভবত আমরা মাত্র এক বা দুটি বাউন্ডারি দূরে ছিলাম। লড়াইটা শেষ ম্যাচ পর্যন্ত নিয়ে যেতে না পারায় সত্যিই হতাশ। তবে হ্যাঁ, দলের এই লড়াই নিয়ে আমি গর্বিত।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ইংল্যান্ড। সোমবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়তে যাওয়া ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক দলের এই লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। ব্রুক বলেন, "এটি ছিল ক্রিকেটের এক অবিশ্বাস্য ম্যাচ। পুরো ম্যাচজুড়েই ছিল প্রচণ্ড চাপ। আমরা যেভাবে জয়ের রেখা পার হয়েছি, ১৮০ রানের স্কোরটি দারুণ ছিল, যদিও আমি এখনো ঠিক জানি না আমরা কীভাবে ওই স্কোরে পৌঁছালাম। আর এরপর যেভাবে আমরা সেই রান ডিফেন্ড করেছি, তা ছিল অসাধারণ।"
এর আগে টস হেরে বা আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলাররা শুরুতেই ফিল সল্ট (৭), অ্যানুরিন ডোনাল্ড (৭), ব্রুক (৯) এবং টম ব্যান্টনকে (৩) ফিরিয়ে দেন। ১১তম ওভারে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে লড়াকু পুঁজি (১৮১/৭) এনে দেন স্যাম কারান। চারটি ছক্কায় ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।
বিপর্যস্ত অবস্থান থেকে দলকে টেনে তুলতে প্রথমে লিয়াম ডসন (১৪ বলে ২৩) এবং পরে জেমি ওভারটনের (৯ বলে ২০) সাথে ঝোড়ো জুটি গড়েন কারান। এটি ছিল টি-টোয়েন্টিতে কারানের তৃতীয় অর্ধশতক, যেখানে বড় সব শট খেলে স্বাগতিকদের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন তিনি।
অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডের রানের লাগাম টেনে ধরার পথে ছিল, ঠিক তখনই গিয়ার পরিবর্তন করেন কারান। তাঁর ব্যাটে ভর করে ইনিংসের শেষ পাঁচ ওভারে ৭৬ রান লুটে নেয় সফরকারীরা। অস্ট্রেলিয়ার পক্ষে পেসার স্পেন্সার জনসন (২/৩৯) এবং রাইলি মেরেডিথ (২/৪৪) সেরা বোলার হলেও মেরেডিথের শেষ ওভারে কারান ও ওভারটন দুটি করে ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।




