রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ধোনি জানালেন কবে শিখেছিলেন ‘না’ বলতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

ধোনি জানালেন কবে শিখেছিলেন ‘না’ বলতে

অন্তর্মুখী স্বভাবের মানুষ বলে পরিচিত মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি এক পডকাস্টে এমন এক গল্প শোনালেন যা অনেকেরই অজানা ছিল। ক্রিকেটকে বিদায় বলার পর আইপিএল থেকেও অবসর নেওয়া এই কিংবদন্তি জানিয়েছেন, কীভাবে তিনি ‘না’ বলতে শিখেছিলেন এবং সেই শিক্ষাই তাঁকে দীর্ঘ সময় শীর্ষে রাখতে সাহায্য করেছিল।

ঝাড়খণ্ডের রাঁচি থেকে উঠে আসা ধোনির ক্রিকেট যাত্রা সহজ ছিল না। খড়গপুর রেলওয়ে স্টেশনে টিটিই হিসেবে কাজ করে পরে ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ঘটে তাঁর। তখন অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। পরে তিনিই ভারতকে নেতৃত্ব দিয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছিলেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচবার শিরোপা এনে দিয়েছেন।

পডকাস্টে প্রশ্ন করা হয়েছিল, কবে তিনি ‘না’ বলতে শিখেছেন। হেসে ধোনি বলেন, ‘২০০৪ সালে আমার অভিষেক হয়েছিল। আর আমি ছিলাম ছোট শহরের একটা ছেলের মতো। আমার মুখ থেকে না বেরোত না। তখন সিনিয়র ক্রিকেটারদের একজন...এটা সম্ভবত ২০০৬-এর কাছাকাছি সময়ের কথা। 

আমার কাছে এসে তিনি বললেন, ‘জানো, একটা সময়ের পর তোমাকে না বলা শুরু করতে হবে। কারণ, সবাই তোমাকে চাইবে। এটা খারাপ অর্থে নয়। কিন্তু আসল সমস্যা হলো, তুমি একজন একক মানুষ। এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের হয়ে ক্রিকেট খেলা এবং ভালো করা। এই সবকিছু আশপাশে ঘুরতে থাকবে। কিন্তু এগুলো আছে ক্রিকেটের কারণেই।’

সেই সিনিয়র আরও বলেছিলেন, যখনই মনে হবে কোনো কিছুতে ক্রিকেট, মানসিক প্রশান্তি বা প্রস্তুতিতে প্রভাব পড়ছে, তখন ‘না’ বলতে শেখো। ধোনি জানান, সেই সময় থেকেই তিনি ধীরে ধীরে এটা অনুশীলন করতে শুরু করেন। তিনি বলেন, ‘আমি জানি, আজ আপনি আমার পাশে আছেন। কালও আমার পাশে থাকবেন কি না, জানি না। কিন্তু ক্রিকেট যদি আমার পাশে থাকে, তবে আপনি আমার পাশে থাকবেন। কারণ, আপনি আমার ভেতরের ক্রিকেটারকে ভালোবাসো।’

২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি খেলে ৫৩৮ ম্যাচে ১৭২৬৬ রান করেছেন ধোনি। ‘ক্যাপ্টেন কুল’ উপাধি পাওয়া এই কিংবদন্তির এই পরামর্শই হয়তো তাঁকে এতদিন শীর্ষে রাখতে সাহায্য করেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর