ক্রিকেট মাঠে অনেকেই নিজের পারফরম্যান্স দিয়ে পরিচিতি পান, আবার কারও পরিচয়ের অংশ হয়ে ওঠে একটি বিশেষ জার্সি নম্বর। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে সেই নম্বরটি ৭। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এই নম্বরেই খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক। তবে একসময় সংখ্যাতত্ত্বের কারণে নিজের পছন্দের জার্সি নম্বর পরিবর্তনের পরামর্শ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই পরামর্শকে গুরুত্ব দেননি ধোনি।
সম্প্রতি মুম্বাইয়ে অ্যাকোর আয়োজিত ‘দ্য পার্পল কার্পেট’ অনুষ্ঠানে বর্ষীয়ান লেখক ও গীতিকার জাভেদ আখতারের সঙ্গে আলোচনায় অংশ নেন ধোনি। বৈভব মুঞ্জালের সঞ্চালনায় অনুষ্ঠানে নিজের জার্সি নম্বর ৭ নিয়ে মজার একটি অভিজ্ঞতার কথা জানান তিনি।
ধোনির কথায়, সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করেন এমন একজন ব্যক্তি তাকে সাত নম্বর জার্সি ছেড়ে অন্য নম্বর বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ওই ব্যক্তির ধারণা ছিল, নম্বর পরিবর্তন করলে জীবনের কিছু ঘটনা অন্যভাবে ঘটতে পারে।
তবে এমন পরামর্শ শুনে বিভ্রান্ত হননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। বরং বিষয়টি নিয়ে নিজের যুক্তি তুলে ধরেন তিনি। ধোনি বলেন, 'আমি তাকে বলেছিলাম, স্যার, এটা কোথায় গিয়ে থামবে? আজ সাত বদলে ১১ নেবো, কাল ১১ বদলে ১৫ নেবো। নিজের ভুলের জন্য দায়ী না হয়ে বারবার নম্বরকে দোষারোপ করতে থাকবো।'
ধোনির মতে, সাফল্যের জন্য কোনো বিশেষ সংখ্যার ওপর নির্ভর করার প্রয়োজন নেই। নিয়মিত অনুশীলন, পরিশ্রম এবং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, 'যদি ভালোভাবে অনুশীলন করি এবং সবকিছু ঠিকঠাক করি, তাহলে কোনো নম্বরের ওপর নির্ভর করার প্রয়োজন নেই।'
ধোনির সাত নম্বর জার্সি বেছে নেওয়ার পেছনেও রয়েছে সহজ একটি গল্প। ২০০৪ সালে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর পছন্দের জার্সি নম্বর জানতে চাওয়া হলে নিজের জন্মতারিখের সঙ্গে মিল রেখেই সাত বেছে নেন তিনি। ১৯৮১ সালের ৭ জুলাই জন্ম ধোনির। জন্মদিনের তারিখে দুটি সাত থাকায় নম্বরটি তার পছন্দ হয়।
ধোনি জানান, তখন তিনি বলেছিলেন, 'ভাই, আমাকে সাত নম্বর দিন। পাওয়া গেলে সাত নম্বরেই আমি খুশি থাকবো।'
পরবর্তী সময়ে সাত নম্বরকে ঘিরে ভক্তদের মধ্যে নানা ধরনের হিসাব-নিকাশ ও জনপ্রিয়তা তৈরি হয়। ধোনির ধারণা, এই সংখ্যাকে বিশেষভাবে আলোচনায় আনার পেছনে সমর্থকদেরও বড় ভূমিকা রয়েছে। যোগ, বিয়োগ, গুণ কিংবা ভাগ নানা হিসাব করেই ভক্তরা সাতের সঙ্গে মিল খুঁজে বের করেন।
তবে এত জনপ্রিয়তার পরও সংখ্যাটিকে অলৌকিক কিছু মনে করেন না ধোনি। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, 'আমি আসলে এসব নিয়ে খুব একটা কুসংস্কারাচ্ছন্ন ছিলাম না।'




