শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

কোচের বকা, এক সপ্তাহ কথা বলেননি বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

কোচের বকা, এক সপ্তাহ কথা বলেননি বাবর

ক্রিকেট মাঠে একজন খেলোয়াড়ের সঙ্গে কোচের সম্পর্ক সব সময় যে মসৃণ থাকে, তা নয়। কখনো কখনো দলের স্বার্থে প্রিয় শিষ্যকেও কঠিন কথা শোনাতে হয়। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার ও বাবর আজমের সম্পর্কেও ঘটেছিল তেমনই এক ঘটনা। মাঠের পারফরম্যান্স নিয়ে কোচের সমালোচনা এতটাই মনে নিয়েছিলেন বাবর, যে টানা এক সপ্তাহ আর্থারের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। সম্প্রতি সেই পুরোনো ঘটনা সামনে এনেছেন পাকিস্তানের সাবেক এই কোচ।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন বাবর আজম। ১১২ বলে ১১৫ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। প্রথমে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করেছিল ৩৪০ রান। জবাবে জেসন রয়ের ১১৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

সম্প্রতি 'দ্য সুপার ওভার' পডকাস্টে সেই ম্যাচের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মিকি আর্থার। তাঁর মতে, বাবরের ব্যাটিংয়ের একটি নির্দিষ্ট পর্যায়ে ধীরগতি পাকিস্তানের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

আর্থার জানান, ৯০ থেকে ১০০ রানে পৌঁছাতে বাবরের ১৫ বল লেগেছিল। অথচ সেঞ্চুরি পূর্ণ করার পরের দুই বলেই ছক্কা হাঁকিয়েছিলেন এই ব্যাটার। কোচের ধারণা ছিল, বাবর যদি দ্রুত সেঞ্চুরি পূর্ণ করতেন, তাহলে ইনিংসের শেষ দিকে পাকিস্তান আরও কিছু রান যোগ করার সুযোগ পেত।

আর্থারের ভাষায়, 'আমার মতে, ওই সময় সে সেঞ্চুরির জন্য খেলছিল। সে যদি ৭৮ বলে ৯০ রান করার পর আরও ৫ বলে সেঞ্চুরি করতে পারত, তাহলে আমরা আরও ১০ বল পেতাম। সেই ১০ বলে হয়তো আরও ১৫ রান করতে পারতাম।'

এই সমালোচনার পর বাবরের প্রতিক্রিয়াও ছিল বেশ কঠিন। আর্থার জানান, প্রায় এক সপ্তাহ তাঁর সঙ্গে কথা বলেননি বাবর। এমনকি ড্রেসিংরুমের অন্য ক্রিকেটাররাও বিষয়টি ভালোভাবে নেননি। তাঁদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছিল, দলের সেরা খেলোয়াড়কে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো ঠিক হয়নি।

তবে আর্থারের সেই বার্তা যে বাবরের মনে প্রভাব ফেলেছিল, তার প্রমাণ মেলে ২০১৯ বিশ্বকাপেই। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১২৭ বলে অপরাজিত ১০১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। লকি ফার্গুসনকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন বাবর। তাঁর ইনিংসে ভর করে পাঁচ বল হাতে রেখেই জয় পায় পাকিস্তান।

সেই ইনিংসকে নিজের দেখা অন্যতম সেরা সেঞ্চুরি উল্লেখ করে আর্থার বলেন, বাবরের উদযাপন দেখে তিনি বুঝেছিলেন, তাঁর দেওয়া বার্তাটি কাজে এসেছে।

উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপে ১১ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড শেষ চারে জায়গা করে নেয় এবং পরে ফাইনালেও খেলে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর