শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ক্রিকেটের পরাশক্তি থেকে দেউলিয়ার পথে, কেন এই দশা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

ক্রিকেটের পরাশক্তি থেকে দেউলিয়ার পথে, কেন এই দশা ওয়েস্ট ইন্ডিজের

একসময় ক্যারিবীয় পেসারদের আগুনে বোলিং আর ব্যাটারদের দাপটে কাঁপত বিশ্ব ক্রিকেট। ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল কিংবা ব্রায়ান লারাদের হাত ধরে সেই ওয়েস্ট ইন্ডিজ আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। মাঠের ধারাবাহিকতার ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে নজিরবিহীন আর্থিক ধস। ঘাটতি বাজেট, নগদ অর্থের সংকট, ঘরোয়া আসর ছাঁটাই ও বেতন কমানোর মতো কঠোর সিদ্ধান্তে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্যমতে, ২০২৫ সালে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার লোকসান গুনেছে সিডব্লিউআই। চলতি ২০২৬ সালেও প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার লোকসানের শঙ্কা রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সংস্থাটির হাতে যেখানে ১ কোটি ৭৫ লাখ ডলার নগদ ছিল, এক বছরের ব্যবধানে তা প্রায় ৯০ শতাংশ কমে মাত্র ১৬ লাখ ডলারে নেমে এসেছে।

এই বিপর্যয় সামাল দিতে আইসিসির দ্বারস্থ হতে হয়েছে বোর্ডকে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, শর্তসাপেক্ষে ১ কোটি ৬০ লাখ ডলারের ঋণ পেয়েছে সিডব্লিউআই, যদিও এর আগে ক্রিকবাজ ১ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলারের ঋণ অনুমোদনের খবর দিয়েছিল।

west_cricket_break_the

আর্থিক চাপের সরাসরি ধাক্কা লেগেছে দেশের ক্রিকেটে। এ বছর প্রথম শ্রেণির ম্যাচ ২৮টি থেকে কমিয়ে ১১টিতে আনা হয়েছে এবং দল আটটি থেকে ছয়টিতে নামানো হয়েছে। স্থগিত হয়েছে ছেলেদের সুপার ফিফটি ও মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজ। পাশাপাশি জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক ২৫ শতাংশ কমানো হয়েছে এবং ঘরোয়া চুক্তির মেয়াদ ১২ মাস থেকে কমে ৭ মাসে দাঁড়িয়েছে।

সংকটের কারণ তুলে ধরে সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং দ্য টেলিগ্রাফকে বলেন, ‘গত ১০ বছরে আঞ্চলিক বিমান সংস্থাগুলোর পেছনে আমাদের ৮ কোটি ২৫ লাখ ডলার খরচ হয়েছে। হোটেলগুলোর পেছনে খরচ হয়েছে ১২ কোটি ডলারের বেশি। এই ৮ কোটি ২৫ লাখ ডলার আসলে ক্রিকেটের পেছনে ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু তা চলে গেছে বিমান সংস্থাগুলোর পকেটে। অথচ হোটেল বা বিমান সংস্থাগুলোর কাছ থেকে আমরা কখনো বড় কোনো পৃষ্ঠপোষকতা কিংবা এক ডলারও ফেরত পাইনি।’

আন্তর্জাতিক সিরিজ আয়োজনও বোর্ডের জন্য বড় বোঝা হয়ে উঠেছে। একটি টেস্ট সিরিজের টিভি সম্প্রচার আয়োজনেই ৩৫ থেকে ৫০ লাখ ডলার খরচ হয়, অথচ স্বত্ব বিক্রি করে আসে মাত্র কয়েক লাখ ডলার। দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে যাতায়াতে চার্টার ফ্লাইট ভাড়া করতে গেলেই গুনতে হয় ৩ থেকে ৪ লাখ ডলার।

WI_School

সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে নতুন প্রতিভা তৈরিতে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামস সতর্ক করে বলেন, ‘এ বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য কঠিন সময় যাচ্ছে। এর সমাধান না হলে আমরা এমন একটি প্রজন্মের খেলোয়াড় হারাব, যারা খেলার সুযোগের অভাবে উন্নতির দৌড়ে অনেক পিছিয়ে পড়বে। আন্তর্জাতিক পর্যায়ে মাঝেমধ্যে প্রতিভার ঝলক দেখা যায়। কিন্তু ধারাবাহিকতা পেতে হলে পরবর্তী দুই প্রজন্মের খেলোয়াড়দেরও তৈরি করতে হবে। এই মুহূর্তে আমাদের সেই অবস্থা নেই।’

তিনি আরও যোগ করেন, ‘অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশের সমান প্রতিভার একজন তরুণ ক্রিকেটার যদি ক্যারিবীয় অঞ্চলের একজন ক্রিকেটারের তুলনায় তিন গুণ বেশি খেলার সুযোগ পায়, তাহলে কে বেশি এগিয়ে যাবে, তা বুঝতে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।’

কোভিড মহামারির পর স্কুল ক্রিকেটও দুর্বল হয়ে পড়েছে, সরঞ্জামের দাম ও লোকবল সংকটে ভুগছে অনেক প্রতিষ্ঠান। অ্যাডামস বলেন, ‘আমাদের বিশ্বের সেরা কয়েকজন অ্যাথলেট আছে। কিন্তু মেয়েদের ক্রিকেটের কোনো কার্যক্রম না থাকায় তারা নেটবল কিংবা অ্যাথলেটিকসে চলে যাচ্ছে।’

তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও চলছে। অ্যান্টিগায় আধুনিক প্রশিক্ষণকেন্দ্র, ইনডোর সুবিধা, ক্রীড়াবিজ্ঞান ও উন্নত কোচিংয়ের পাশাপাশি ১২০ কক্ষের একটি হোটেল নির্মাণের পরিকল্পনা করছে সিডব্লিউআই, যাতে বিদেশি দলকে রেখে আয় বাড়ানো যায়। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, পরিকল্পনা বাস্তবায়নের আগেই ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা নিরাপদ?

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর