শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চায়েতের নতুন চমক, ফুলেরায় দেখা গেল পিটারসেনকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

পঞ্চায়েতের নতুন চমক, ফুলেরায় দেখা গেল পিটারসেনকে

ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর কাল্পনিক গ্রাম ফুলেরা। এই গ্রামের চেনা পরিবেশে হঠাৎ ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক কেভিন পিটারসেনকে দেখা গেলে অবাক হওয়াই স্বাভাবিক। ক্রিকেটের মাঠ কিংবা ধারাভাষ্য কক্ষ ছেড়ে এবার যেন সরাসরি ফুলেরার বাসিন্দা হয়ে উঠেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিকে ঘিরেই শুরু হয়েছে দর্শকদের কৌতূহল।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনকে ঘিরে এবার নতুন চমক তৈরি করেছে অ্যামাজন প্রাইম ভিডিও। ‘পঞ্চায়েত’ সিরিজের পঞ্চম সিজনের প্রচারণায় জনপ্রিয় এই ক্রিকেটারকে হাজির করা হয়েছে উত্তরপ্রদেশের কাল্পনিক গ্রাম ফুলেরায়। সিরিজের পরিচিত চরিত্রদের সঙ্গে পিটারসেনের উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সম্প্রতি প্রাইম ভিডিও ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ফুলেরার পরিবেশে একটি মোটরবাইকে বসে আছেন তিনজন। চালকের আসনে গণেশ চরিত্রের অভিনেতা আসিফ খান। মাঝখানে কেভিন পিটারসেন এবং পেছনে রয়েছেন ভূষণ ওরফে বানরাকাস চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমার। ছবিতে তিনজনের মুখেই ছিল বিস্ময় আর কৌতূহলের ছাপ।

ছবিটি প্রকাশ করে প্রাইম ভিডিও লিখেছিল, ‘অপেক্ষা করুন... ফুলেরায় কেভিন পিটারসেন কী করছেন?’ এই প্রশ্নের মধ্য দিয়েই দর্শকদের মনে তৈরি হয় নানা জল্পনা। পিটারসেন সত্যিই ফুলেরায় গিয়েছেন, নাকি এটি বিশেষভাবে তৈরি করা প্রচারণামূলক আয়োজন, তা নিয়েও আলোচনা শুরু হয়।

পরে ২৮ নভেম্বর দুপুরে পিটারসেনকে নিয়ে প্রচারণার ভিডিও প্রকাশ করে প্রাইম ভিডিও। সেখানে ক্রিকেটের পরিচিত পোশাকের বদলে একেবারে গ্রামবাংলার আবহে দেখা যায় তাকে। ফুলেরার পরিবেশ, স্থানীয় মানুষের সঙ্গে মেলামেশা এবং সিরিজের চরিত্রদের সঙ্গে তার উপস্থিতি পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এদিকে পিটারসেনকে নিয়ে প্রকাশিত ছবিতে মজার মন্তব্য করেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। তাদের প্রশ্ন, 'মালদ্বীপের কথা বলে ফুলেরায় নিয়ে যাওয়া হচ্ছে না তো?' মন্তব্যটি নিয়েও ভক্তদের মধ্যে হাস্যরস তৈরি হয়েছে।

panchayat_pitarso

উল্লেখ্য, ‘পঞ্চায়েত’ সিরিজের গল্প গড়ে উঠেছে ভারতের উত্তরপ্রদেশের কাল্পনিক গ্রাম ফুলেরাকে ঘিরে। গ্রামের পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠির জীবন, স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের নানা ঘটনা নিয়ে নির্মিত সিরিজটি শুরু থেকেই দর্শকদের প্রশংসা পেয়ে আসছে।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটির পঞ্চম সিজন। নতুন পর্বে ফুলেরার ক্ষমতার পালাবদল, ভূষণের প্রভাব এবং গ্রামবাসীদের নতুন পরিস্থিতি কীভাবে উঠে আসে, সেটিই এখন দেখার বিষয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর