ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতকাল সৈয়দ মুশতাক আলী ট্রফির এলিট গ্রুপ ‘বি’-এর ম্যাচে তামিলনাড়ুর বিপক্ষে দল চরম বিপর্যয়ে পড়ার পর ১১ নম্বরে ব্যাট করতে নামেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। এরপর যা ঘটল, তাতে নতুন করে লেখা হলো পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস।
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪০ রানের ঝোড়ো এক ইনিংস খেলে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন উনাদকাট। তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের ড্যানি ব্রিগসের গড়া আগের অপরাজিত ৩৫ রানের রেকর্ডটি। এ ছাড়া দশম উইকেটে চেতন সাকারিয়ার সাথে ৬২ রানের একটি জুটিও গড়েন উনাদকাট, যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে দশম উইকেটে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে তামিলনাড়ু; যেখানে সানি সান্ধু মাত্র ১৭ বলে ৪৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তামিলনাড়ুর অন্যান্য ব্যাটারদের মধ্যে আন্দ্রে সিদ্ধার্থ ৩৮, বালাসুব্রামানিয়াম শচীন ৩৭ এবং আর রাজকুমার ৩৬ রান যোগ করেন। ফলে জয়ের জন্য সৌরাষ্ট্রের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রান।
লক্ষ্য তাড়া করতে নামা সৌরাষ্ট্রের ইনিংসের প্রথম ওভারেই বিশ্বরাজ জাদেজাকে ফিরিয়ে দেন সান্ধু, আর সেখান থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধস নামে সৌরাষ্ট্রের ইনিংসে। আর সাই কিশোর ৪৩ রানে ৪ উইকেট এবং সান্ধু ১৯ রানে ৩ উইকেট তুলে নিলে মাত্র ৯২ রানেই ৯ উইকেট হারিয়ে বসে সৌরাষ্ট্র। তখনো জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১০১ রান, আর হাতে ছিল কেবল শেষ ব্যাটার উনাদকাট। এর আগে তামিলনাড়ুর ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট নেওয়া সাকারিয়া তখন ক্রিজে উনাদকাটের সাথে যোগ দেন।
ইনিংসের শুরুতেই হরবংশ সিংও সাজঘরে ফিরে গিয়েছিলেন। উনাদকাট ও সাকারিয়ার রেকর্ড জুটির পরও শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে ৩৮ রানে ম্যাচ হারে সৌরাষ্ট্র। এটি ছিল তাদের টানা তৃতীয় পরাজয় এবং এর ফলে সুপার লিগ পর্বে ওঠার আশাও শেষ হয়ে যায় তাদের; কারণ একই দিনের আগের ম্যাচে ১৩.১ ওভারে ১৫২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়ে পয়েন্ট ও নেট রান রেটে সৌরাষ্ট্রকে টপকে এলিট গ্রুপ ‘বি’ থেকে সুপার লিগ নিশ্চিত করে ফেলে পাঞ্জাব। অন্যদিকে, জয় দিয়েই এবারের আসর শেষ করল তামিলনাড়ু।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বর ব্যাটারদের সর্বোচ্চ রানের সর্বকালের তালিকায় এখন সবার ওপরে অবস্থান করছে উনাদকাটের ৪০ রানের ইনিংসটি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডমিনিক ড্রেকস, যিনি ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে অপরাজিত ৩৪ রান করেছিলেন। ২০২১ সালে মাল্টার বিপক্ষে অপরাজিত ৩১ রান করে চতুর্থ স্থানে আছেন বেলজিয়ামের খালিদ আহমাদি, আর ২০১৮ সালে ব্রিসবেন হিটের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৭ রান করে পঞ্চম স্থানে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান।
অন্যদিকে, উনাদকাট ও সাকারিয়ার দশম উইকেটে গড়া ৬২ রানের জুটিটি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ উইকেটে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি হিসেবে ২০২১ সালে আর্জেন্টিনার বিপক্ষে পানামার খেঙ্গার আহির ও নিকুঞ্জ আহিরের গড়া ৬২ রানের জুটিকে স্পর্শ করেছে। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে দশম উইকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি ৬৩ রানের, যা ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গড়েছিলেন গ্রান্ট এলিয়ট এবং জুলফিকার বাবর। এ ছাড়া ১১ নম্বর ব্যাটার হিসেবে আগের সর্বোচ্চ ৩৫ অপরাজিত রানের রেকর্ডটি ২০২০ সালে হোবার্ট হারিকেনসের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে গড়েছিলেন ড্যানি ব্রিগস।




