ইউরোপা লিগে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার বিপক্ষে ম্যাচ চলাকালীন গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা ওড়ানোকে কেন্দ্র করে তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়েছে জর্জিয়ান পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত এই ম্যাচের ২৬তম মিনিটে শুরু হওয়া এই সংঘর্ষের জেরে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল। বিরতির পর খেলা পুনরায় শুরু হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেসিকতাস।
তুর্কি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী এই ক্লাবের সমর্থকেরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করলে জর্জিয়ান পুলিশ স্ট্যান্ডে প্রবেশ করে এবং সমর্থকদের ওপর পেপার স্প্রে (মরিচের গুঁড়ার স্প্রে) ব্যবহার করে। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ডেনিশ রেফারি মর্টেন ক্রোগ ম্যাচটি স্থগিত করেন। তখন ম্যাচের স্কোরলাইন ছিল ০-০।
নিরাপত্তা ও সুরক্ষাজনিত কারণে তুরস্কের কর্তৃপক্ষ ইস্তাম্বুলে এই ম্যাচটি আয়োজন করতে অপারগতা প্রকাশ করলে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ম্যাচটি জর্জিয়ার বাতুমিতে সরিয়ে নেয়। হাপোয়েলের আগের দুটি অ্যাওয়ে ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকলেও এই ম্যাচে গ্যালারিতে দর্শকদের উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছিল।
ম্যাচের আগে ও চলাকালীন নিজেদের সমর্থকদের ওপর ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগের অভিযোগ এনে জর্জিয়ান পুলিশের তীব্র নিন্দা জানিয়েছে বেসিকতাস। এক বিবৃতিতে তুর্কি ক্লাবটি বলেছে, "আমাদের সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের আমরা তীব্র নিন্দা জানাই। একইসাথে এই ঘটনায় আহত আমাদের সব সমর্থকের দ্রুত সুস্থতা কামনা করছি।"
বেসিকতাস সমর্থকদের সাথে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশনও (টিএফএফ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ফেডারেশন জানায়, সমর্থকেরা অগ্রহণযোগ্য আচরণ ও বৈষম্যের শিকার হয়েছেন এবং তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য চাপ সৃষ্টি করবে। এ ছাড়া ট্রাবজোনস্পোর, ফেনারবাচে, গালাতাসারাই, এরজুরুমস্পোর, বাসাকসেহির এবং সামসুনস্পোরসহ তুরস্কের সুপার লিগের আরও বেশ কয়েকটি ক্লাব বেসিকতাস সমর্থকদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে হাপোয়েল বিয়ার-শেভার খেলোয়াড়দের সাথে করমর্দন (হ্যান্ডশেক) করতে অস্বীকৃতি জানান বেসিকতাসের খেলোয়াড়েরা। এ ছাড়া ম্যাচের পর এক্স-এ বেসিকতাসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দলের খেলোয়াড়েরা গ্যালারিতে থাকা এমন একদল সমর্থকের পেছনে দাঁড়িয়ে ছবি তুলছেন, যাঁদের হাতে ধরা ব্যানারে লেখা ছিল: "দখলদারিত্বের বিরুদ্ধে জেগে ওঠো। ফিলিস্তিনের মুক্তি চাই।"
কূটনৈতিক পর্যায়ে আলোচনা
এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্ক ও জর্জিয়ার মধ্যে কূটনৈতিক পর্যায়েও আলোচনা হয়েছে। ম্যাচের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফতসি এই ঘটনায় আঙ্কারার উদ্বেগের কথা জানাতে জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সিফতসি তুর্কি সমর্থকদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁদের নিরাপদে তুরস্কে ফিরে আসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলি জানিয়েছেন যে, উয়েফা কর্মকর্তারাই সমর্থকদের কাছ থেকে ফিলিস্তিনি পতাকাগুলো জব্দ করেছিলেন এবং পতাকা জব্দের ঘটনায় জর্জিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো ভূমিকা ছিল না।




