রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এ দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার এ দল। দারুণ এ জয়ের পর ফাইনালে পাকিস্তান কিংবা বাংলাদেশের অপেক্ষায় রথানায়েকরা। বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিংদের নিয়ে গড়া শক্তিশালী ভারতীয় এ’ দল আগে ব্যাট করে ৩১৭ রানের বড় সংগ্রহই গড়ে।
কিন্তু শ্রীলঙ্কা ‘এ’ দলের দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের ব্যাটে একবারের জন্যও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি তিলক ভার্মারা। লঙ্কান দুই ওপেনারই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। দোহায় ৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১.৩ ওভারেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করে ভারত ‘এ’। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন অভিষেক শর্মা। ৬৩ বলের ইনিংসে ১১ চার আর ১টি ছক্কা হাঁকান তিনি।
অধিনায়ক তিলক ভার্মা করেন ৬৬ বলে ৫৩ রান। শেষ দিকে শাহবাজ আহমেদের ৪৮ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে তিনশ পেরোয় ভারতের সংগ্রহ। এ ছাড়া বৈভব সূর্যবংশী ২৭ বলে ৪০ এবং তানুশ কোটিয়ান করেন ৩০ বলে ২৮ রান।শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন রাভিন্দু ফার্নান্দো, জনিথ লিয়ানাগে ও নিপুন ধনঞ্জয়া।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মাত্র ২২ ওভারের মধ্যে ১৭৪ রান যোগ করেন ক্রুসপুল্লে ও জয়াবর্ধনে। ৭০ বলে ১০টি চার ও ছক্কায় ১০৫ রান করে জয়াবর্ধনে ফিরলেও জয়ের পথ তৈরি করে দিয়ে যান তিনি।
অন্য প্রান্তে দুর্দান্ত ব্যাটিং অব্যাহত রাখেন ক্রুসপুল্লে। ১০৭ বলে ১২টি চার ও তিন ছক্কায় ১১৬ রান করেন তিনি। হার্ষিত রানার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরার আগে দলকে জয়ের খুব কাছে পৌঁছে দেন এই ওপেনার।
এরপর নিশান মাদুশকা ও অধিনায়ক পাভান রত্ননায়েকে বাকি কাজটুকু সারেন। মাদুশকা ৫৬ বলে অপরাজিত ৫৮ এবং রত্ননায়েকে মাত্র ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে ৩৭ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।
এআরএম




