স্নায়বিক (নিউরোলজিক্যাল) রোগের সাথে লড়াই করতে থাকা জামাল মুসিয়ালাকে বেতন কমানোর জন্য চাপ দেওয়ায় বায়ার্ন মিউনিখ ক্লাব কর্তৃপক্ষের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের সহ-অধিনায়ক জশুয়া কিমিখ।
বুধবার (২৫ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে লিলের মাঠে হারের পর জার্মান জায়ান্টদের শীর্ষ কর্তাদের সমালোচনায় সর্বশেষ মুখ খুললেন জার্মানি জাতীয় দলের অধিনায়ক কিমিখ- যিনি নিয়মিত অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের চোটের কারণে বর্তমানে বায়ার্নের অধিনায়কত্বও করছেন।
কিমিখ বলেন, "অবশ্যই, ক্লাব সব সময় সবার আগে এবং খেলোয়াড়দের চেয়ে বড়, কিন্তু এটি একজন মানুষের চেয়ে বড় নয়। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বায়ার্নের ঐতিহ্য এমন নয়... এখন যা ঘটছে তা কোনোভাবেই এভাবে হওয়া উচিত নয়। বিষয়টি আমার কাছে সম্পূর্ণ অচিন্তনীয়।"
গত আগস্টে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মাঠে দুবার জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা, এবং এরপর তিনি প্রকাশ করেন যে তিনি এক ধরনের ‘স্নায়বিক ব্যাধিতে’ ভুগছেন, যার ফলে ‘সাময়িক তবে নিরাময়যোগ্য খিঁচুনি’ হতে পারে। হ্যামস্ট্রিংয়ের ভিন্ন একটি চোট কাটিয়ে দুই মাস মাঠের বাইরে থাকার পর গত শুক্রবার প্রথমবারের মতো মাঠে ফেরেন মুসিয়ালা।
ওই ম্যাচের পরপরই ক্লাবের দীর্ঘদিনের প্রভাবশালী কর্মকর্তা কার্ল-হাইনৎস রুমেনিগে মন্তব্য করেন যে, ২৩ বছর বয়সি এই মিডফিল্ডারের আগের ফর্মে ফেরার সম্ভাবনা কম এবং তাঁর বেতন কমানো মেনে নেওয়া উচিত। স্কাই জার্মানিকে রুমেনিগে বলেছিলেন, "সে যদি আগের সেই জামালে ফিরে আসতে না পারে, তবে আমাদের তাঁর পরিবার, খেলোয়াড় নিজে এবং সর্বোপরি তাঁর এজেন্সির সাথে কথা বলতে হবে- কারণ, খোলাখুলিভাবে বললে, বর্তমান আর্থিক অঙ্কটি তখন আর যুক্তিসঙ্গত থাকবে না।" ক্লাবের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস এবং বর্তমান প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেনও একই ধরনের মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বায়ার্নের সাথে মোটা অঙ্কের নতুন চুক্তি করেন মুসিয়ালা। জার্মান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি প্রতি মৌসুমে ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) ইউরো (২ কোটি ৭০ লাখ ডলার) পারিশ্রমিক পান, যা তাঁকে ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইনের পর ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত করেছে।
গত রোববার আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিপপ্রো বায়ার্নের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের বেতন কমানো মেনে নিতে বাধ্য করার জন্য একটি ‘সমন্বিত প্রচারণা’ চালাচ্ছে। এক বিবৃতিতে ফিপপ্রো বলেছে, "বায়ার্নের মতো মর্যাদাপূর্ণ একটি ক্লাবের আরও ভালো আচরণ জানা উচিত ছিল।"
কিমিখ জানান, তিনি ক্লাবের অবস্থান বুঝতে পারছেন, তবে বিষয়টি জনসমক্ষে নিয়ে আসার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "আমি মনে করি এটি এমন একটি বিষয় যা রুদ্ধদ্বার কক্ষে আলোচনা করা উচিত; এমন কিছু যা আপনি জামালের এজেন্ট কিংবা স্বয়ং জামালের সাথে কথা বলে সমাধান করতে পারেন।"
গত অক্টোবরে বাবার আকস্মিক মৃত্যুর পর বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি কিমিখ এবং সেই কঠিন সময়ে ক্লাবের কাছ থেকে পাওয়া সমর্থনের প্রশংসাও করেন তিনি। কিমিখ যোগ করেন, "আমার নিজের পরিস্থিতিতে ক্লাবটি অবিশ্বাস্য রকমের বিশেষ ভূমিকা রেখেছিল। আপনি সত্যিই অনুভব করতে পারতেন যে একাত্মতার এই বোধটি ক্লাবে চর্চা করা হচ্ছে।"
এদিকে, বুধবার লিলের কাছে এই হারের ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র দল হিসেবে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ডটিও হারাল বায়ার্ন মিউনিখ।




