ফুটবলের ইতিহাসে যে জুটি একসময় অবিচ্ছেদ্য মনে হতো, সেই মেসি-গার্দিওলা সম্পর্কের এক অজানা অধ্যায় উন্মোচিত হয়েছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর পডকাস্ট ‘রোমারিও টিভি’-তে দেওয়া সাক্ষাৎকারে পেপ গার্দিওলা স্বীকার করেছেন, বার্সেলোনা ছাড়ার পরও তিনি কখনো লিওনেল মেসিকে নিজের দলে টানার চেষ্টা করেননি।
‘আমি কখনোই তাকে ফোন করিনি। আমি বার্সেলোনার সমর্থক। আমি চাইতাম, সে সেখানেই থাকুক’, এমন কথায় স্পষ্ট হয়ে উঠেছে স্প্যানিশ কোচের গভীর বার্সা-ভালোবাসা।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত একসঙ্গে কাজ করে দুজন মিলে ক্লাবটিকে ১৪টি শিরোপা এনে দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রেসহ ইউরোপীয় ও স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ। ২০০৯ সালে এক পঞ্জিকাবর্ষে সম্ভাব্য সব ছয়টি ট্রফি জিতে ‘সেক্সটেট’ কীর্তি গড়েছিল সেই দল।
গার্দিওলা মেসির জয়ের ক্ষুধার প্রশংসা করে বলেছেন, অনুশীলনেও তিনি একটি ম্যাচ হারতেন না বলে মনে পড়ে। এই প্রতিযোগিতামূলক মানসিকতায় তিনি মাইকেল জর্ডানের ছায়া দেখেছেন। ‘দ্য লাস্ট ড্যান্স’ তথ্যচিত্র দেখার পর এমন উপলব্ধি হয়েছে তার।
অন্যদিকে ২০২৬ সালের মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর গার্দিওলা আপাতত কোচিং থেকে দূরে। ফিরবেন কি না, জানতে চাইলে বলেছেন, ‘যদি কখনো ফিরি, তাহলে সেটা হবে আমার ভেতরের তাগিদ থেকে এবং কেউ আমাকে ভালোবাসে বলে। তবে অনেক বছর কেটে গেছে, অনেক ম্যাচ খেলেছি।’




