ফুটবল মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোল করাই আর্লিং হলান্ডের কাজ। কিন্তু এবার নিজের নামের অধিকার ফিরে পেতে তাঁকে লড়তে হচ্ছে ভিন্ন এক প্রতিপক্ষের সঙ্গে। সেই প্রতিপক্ষ কোনো ফুটবলার নন, পোল্যান্ডের একজন ইলেকট্রিশিয়ান। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘হলান্ড’ নামের ট্রেডমার্ক বা বাণিজ্যিক স্বত্ব।
ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার ২০২৩ সালে নিজের নামে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি ব্র্যান্ড নিবন্ধনের উদ্যোগ নেন। কিন্তু তখনই বাধার মুখে পড়েন তিনি। কারণ, এর এক বছর আগে অর্থাৎ ২০২২ সালেই ‘হলান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করিয়ে রেখেছিলেন পোলিশ নাগরিক মিশেল ওয়াস। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান এবং নরওয়েতে কাজ করেন।
দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ওয়াসের নিবন্ধন করা ট্রেডমার্কের আওতায় ছিল ১৬ ধরনের পণ্য। তালিকায় রয়েছে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা ও অন্তর্বাসসহ বিভিন্ন পণ্য।
বিষয়টি নিয়ে আপত্তি জানান হলান্ডের আইনজীবীরা। তাঁদের অভিযোগ, ফুটবল তারকার ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই ওয়াস নামটি নিবন্ধন করেছিলেন। তাঁদের দাবি, ট্রেডমার্ক নিবন্ধনের সময়ও পোল্যান্ডে হলান্ডের পরিচিতি ও জনপ্রিয়তা ছিল।
অন্যদিকে, ওয়াসের বক্তব্য ছিল ভিন্ন। তাঁর দাবি, ‘হলান্ড’ শব্দটি এসেছে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ থেকে। তবে তাঁর এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও)। সংস্থাটির মতে, হলান্ডের পরিচিতি ও খ্যাতি কাজে লাগানোর উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছিল। পরে ট্রেডমার্কটি বাতিলের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
তবে আইনি লড়াইয়ে এখনো চূড়ান্ত সমাধান আসেনি। গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে ইইউআইপিওর সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন ওয়াস। এখনো মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়নি। ফলে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে হলান্ডের এই লড়াই আপাতত চলছেই।




