বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাতাল হয়ে ম্যাচ পরিচালনায় রেফারি, অতঃপর...

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

শেয়ার করুন:

মাতাল হয়ে ম্যাচ পরিচালনায় রেফারি, অতঃপর...

ফুটবল মাঠে রেফারির একটি সিদ্ধান্ত কখনো কখনো ম্যাচের চেয়েও বড় আলোচনার জন্ম দেয়। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুতে আল জাজিরা ও গোল গোহরের মধ্যকার ম্যাচে যা ঘটেছে, তা রীতিমতো বিস্ময়কর। দায়িত্ব পালনের সময় রেফারির আচরণ নিয়ে প্রশ্ন ওঠার পর বিরতিতেই বদলে দেওয়া হয় ম্যাচের প্রধান কর্মকর্তা হান্না হাত্তাবকে। তাঁর বিরুদ্ধে মাতাল অবস্থায় ম্যাচ পরিচালনার অভিযোগ তুলেছিল ইরানের ক্লাব গোল গোহর। যদিও অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই রেফারি হাত্তাবের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানায় গোল গোহর। তবে বিতর্কের সবচেয়ে বড় ঘটনা ঘটে ম্যাচের ৩২ মিনিটে।

মাঠের মাঝখানে গোল গোহরের ফুটবলার আলী আসগর আশুরিকে ফাউল করা হলে কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু এরপর আল জাজিরার গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে ডেকে হলুদ কার্ড দেখান তিনি। ফাউলের ঘটনায় গোলরক্ষকের কোনো সম্পৃক্ততা না থাকায় এমন সিদ্ধান্তে বিস্মিত হন আল জাজিরার খেলোয়াড়েরাও।

এ সময় গোল গোহরের কোচ মেহদি রহমতি ক্ষোভ প্রকাশ করে চিৎকার দিয়ে বলেন, ‘রেফারি মাতাল!’ যদিও তাঁর এই বক্তব্যের পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

ম্যাচ শেষে গোল গোহরের টিম ম্যানেজার হেইদার আফসারি জানান, রেফারির আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় তাঁরা দ্রুত ম্যাচ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরিস্থিতির উন্নতি না হলে মাঠে খেলা চালিয়ে যাবেন না বলেও সতর্ক করেছিলেন তাঁরা।

আফসারির দাবি, ‘আল জাজিরার বিপক্ষে ম্যাচ পরিচালনাকারী রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এমনকি আল জাজিরার খেলোয়াড়েরাও আমাদের একই কথা বলেছেন।’

তিনি আরও অভিযোগ করেন, আল জাজিরার ৭৭ নম্বর জার্সিধারী জোয়াও মিলসন দ্বিতীয় ফাউলের পর লাল কার্ড পেতে পারতেন। কিন্তু সেই কার্ডের সিদ্ধান্তে ভুল করে প্রতিপক্ষের গোলরক্ষককে শাস্তি দেওয়া হয়।

গোল গোহরের অভিযোগের পর এএফসি বিষয়টিতে হস্তক্ষেপ করে বলে জানান আফসারি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিরতির সময় হাত্তাবকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

এত বিতর্কের পরও শেষ পর্যন্ত জয় তুলে নেয় আল জাজিরা। আন্দেরসন তালিস্কার করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর