লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ার কৃতিত্ব নিজের ‘আদর্শ’ যুবরাজ সিংকেও দিয়েছেন বৈভব সূর্যবংশী। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে হওয়া আধা ঘণ্টার একটি ফোনালাপ তাকে বেশ সাহায্য করেছে বলে জানান তরুণ ব্যাটার। দোহায় চলমান রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ২৮টি ছক্কার সাহায্যে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি।
সূর্যবংশী জানান, সাম্প্রতিক ফর্ম নিয়ে তিনি ভীষণ ‘দুশ্চিন্তায়’ পড়ে যুবরাজের শরণাপন্ন হয়েছিলেন এবং তাঁর কাছ থেকে ‘অনেক টেকনিক্যাল পরামর্শ’ নিয়ে ফিরেছেন।
বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, "গতকাল আমি চারজন মানুষের সাথে কথা বলেছি... কেবল চারজন। একজন অবশ্যই আমার বাবা। একজন আমার শৈশবের কোচ মনীশ ওঝা। আরেকজন অনূর্ধ্ব-১৯ দিনগুলো থেকে আমার সাথে থাকা বন্ধু প্রথম জাচক। আর চতুর্থজন ছিলেন যুবরাজ স্যার। আমি তাঁর সাথে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। তিনি ব্যাটিং নিয়ে আমাকে অনেক কিছু বলেছেন।"
তিনি আরও যোগ করেন, "আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, তাই খোলামেলাভাবেই তাঁকে সব বলেছি। আমি তাঁকে বলেছিলাম, 'স্যার, ব্যাটিংয়ে নামার পর আমি এই সমস্যাগুলোতে পড়ছি।' তিনি আধা ঘণ্টা ধরে আমাকে সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন যে আমি যদি ২০টি বল খেলতে পারি, তবে স্কোরবোর্ডটাই বদলে যাবে। এ ছাড়া তিনি অনেক টেকনিক্যাল বিষয়ও বলেছেন, যা আজ আমাকে ভীষণ সাহায্য করেছে।"
দোহায় চলমান এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে নেপালের বিপক্ষে ২৬ এবং পাকিস্তান 'এ' দলের বিপক্ষে মাত্র ১১ রান করেছিলেন সূর্যবংশী। তার আগে সৈয়দ মুশতাক আলী ট্রফির একটি ম্যাচে বিহারের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে করেছিলেন ১৮ রান।
নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে এই কিশোর ব্যাটার বলেন, "বিষয়টি সহজ নয়। এখানে খেলা প্রথম দুটি ম্যাচ এবং তার আগে ঘরোয়া ক্রিকেটের এক-দুটি ম্যাচে আমি রান পাইনি। তাই কী হচ্ছে তা ভেবে আমার মন কিছুটা বিক্ষিপ্ত হয়ে পড়ছিল। কিন্তু আমি যুবরাজ স্যারের সাথে কথা বলি। তিনি অবশ্যই আমার আদর্শ, আর আপনি যখন আপনার আদর্শের সাথে কথা বলেন, তখন প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। আমিও খুব মনোযোগ দিয়ে সব শুনেছি এবং তিনি পয়েন্ট ধরে ধরে আমাকে অনেক কিছু বলেছেন। পরে আমি আমার ব্যাটিংয়ের ভিডিও দেখেছি এবং বুঝতে পেরেছি যে আমি কোথায় ভুল করছিলাম। তাই আজ সেই ভুলটা না করার চেষ্টা করেছি। তিনি যে এক-দুটি বিষয়ের কথা বলেছিলেন তা প্রয়োগ করেছি এবং সেটি দারুণ কাজে দিয়েছে।"
আগের দুটি ম্যাচের মতো এদিনও লম্বা ইনিংস খেলার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন বলে জানান সূর্যবংশী, তবে পিচের আচরণ দেখার পর নিজের খেলার ধরন বদলে ফেলেন তিনি।
সূর্যবংশী বলেন, "আহমেদাবাদে আইপিএল শেষ হওয়ার পর এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে আমি তিন ফরম্যাটেই খেলতে পারি এবং পরিস্থিতি অনুযায়ী নিজের খেলা বদলাতে পারি। নিজের খেলার ওপর আমার সেই নিয়ন্ত্রণটুকু আছে। গত দুটি ম্যাচে আমি একইভাবে খেলার চেষ্টা করছিলাম। যেহেতু এটি দীর্ঘ ফরম্যাটের খেলা, তাই সময় নিয়ে লম্বা ইনিংস খেলার চেষ্টা করছিলাম। আজও একই মানসিকতা নিয়ে নেমেছিলাম- আগে গিয়ে দেখব উইকেট কেমন। কয়েকটি বল দেখার পর আমার মনে হলো উইকেট বোলারদের খুব একটা সাহায্য করছে না। বল ব্যাটে খুব সুন্দরভাবে আসছিল, তাই আমি আমার স্বাভাবিক খেলাটা খেলেছি এবং নিজের শক্তির ওপর ভরসা রেখেছি।"




