‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির জেরে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারান- এমনটি তিনি কখনোই চাননি বলে বুধবার জোর দিয়ে জানিয়েছেন উসমান খাজা। তবে ২০১৮ সালের সেই বল-টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে কামিন্সের সম্পূর্ণ অস্বীকারের অবস্থানে তিনি ‘হতাশ’ হয়েছেন বলে মন্তব্য করেছেন।
সাবেক এই অজি ওপেনার চলতি মাসে প্রকাশিত তাঁর আত্মজীবনীতে অভিযোগ করে নতুন করে বিতর্কের আগুন জ্বালিয়ে দেন যে, কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টে বল বিকৃত করার পরিকল্পনার বিষয়টি পুরো দলই জানত। অথচ সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কেবল তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং শিরীষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহারকারী ক্যামেরন ব্যানক্রফটকেই দোষী সাব্যস্ত করেছিল।
এই বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে নিজের যেকোনো সম্পৃক্ততার কথা জোরালোভাবে নাকচ করে দেন কামিন্স; এবং তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর পরবর্তীতে অধিনায়ক পদে বহাল থাকার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘সর্বসম্মত সমর্থন’ লাভ করেন।
‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে খাজা বলেন, "আমি সব সময় চেয়েছি প্যাট অধিনায়ক থাকুক। বিষয়টি কখনোই প্যাটকে নিয়ে বা প্যাটের অধিনায়কত্ব হারানো নিয়ে ছিল না।"
খাজা জানান, চলতি মাসে কামিন্সের ওই সংবাদ সম্মেলনের কয়েক দিন আগে তিনি তাঁর সাথে যোগাযোগ করেছিলেন, এই আশায় যে তাঁরা দুজন একটি মধ্যবর্তী সমঝোতায় পৌঁছাতে পারবেন এবং দলগতভাবে সামষ্টিক দায় স্বীকার করবেন। কিন্তু কামিন্স সেই পরিকল্পনায় যুক্ত থাকার কথা সরাসরি অস্বীকার করেন। উল্টো ঘটনার আট বছর পর এমন বিস্ফোরক দাবি তোলায় খাজাকে ‘হালকা ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আক্রমণ করেন তিনি এবং ইঙ্গিত দেন যে তাঁর কিছু বক্তব্য ‘সম্ভবত মানহানিকর’।
এ প্রসঙ্গে খাজা বলেন, "বিষয়টি সত্যিই বিস্ময়কর ছিল। আমি কখনোই আশা করিনি যে তিনি আমাকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন। আমি যা বলেছি সেটির সমালোচনা করতে পারতেন, হ্যাঁ। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি যেভাবে আক্রমণ করেছেন এবং একের পর এক বলেই গেছেন, প্যাটের এই রূপ আমি আগে কখনো দেখিনি এবং এটি আমাকে ভীষণ হতাশ করেছে।"
উল্লেখ্য, ২০২১ সালে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং নাথান লায়নকে নিয়ে গড়া বোলিং গ্রুপ যৌথভাবে এক বিবৃতি দিয়ে এই ঘটনায় যেকোনো সম্পৃক্ততা অস্বীকার করেছিল। তবে ওয়ার্নার ও ব্যানক্রফটের সমর্থন পাওয়া খাজা আবারও জোর দিয়ে বলেছেন যে "আমি সত্যিটাই বলেছি"। পডকাস্টে তিনি বলেন, "আমি এ থেকে পালিয়ে বেড়াব না। আমি রাতে খুব নিশ্চিন্তেই ঘুমাতে পারি।"
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনার তদন্ত পুনরায় চালু করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে, তবে ২০১৮ সালের অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য খেলোয়াড়দের নিয়ে একটি ফোরাম গঠন করেছে। খাজা জানান, বিবদমান পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতা তৈরির আশায় তিনি সিএ-র প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের কাছে একটি যৌথ বিবৃতির খসড়া প্রস্তাব করেছিলেন। সেখানে প্রস্তাব করা হয়েছিল যে, সব খেলোয়াড় শিরীষ কাগজের বিষয়টি না জানলেও বল-টেম্পারিং সম্পর্কে তাঁদের সামষ্টিক জ্ঞান ছিল- তা স্বীকার করে নেবেন।




