ফুটবল মাঠে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহুবার দিয়েছেন লিওনেল মেসি। আটটি ব্যালন ডি’অর জিতে গড়েছেন অনন্য রেকর্ড। এবার প্রকাশ্যে এসেছে অন্যদের সেরা বেছে নেওয়ার ক্ষেত্রে আর্জেন্টাইন মহাতারকার পছন্দের হিসাব। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। পাঁচটি ব্যালন ডি’অরের আসরেই মেসির ভোট পেয়েছেন স্পেনের এই কিংবদন্তি।
সম্প্রতি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফিতে মেসির দেওয়া ভোটের তথ্য প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উঠে এসেছে তার পছন্দের ফুটবলারদের নাম ও ভোটের বিস্তারিত হিসাব।
আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। সেই তালিকায় তার দেশের চার ফুটবলারও জায়গা পেয়েছেন। তারা হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। আগুয়েরো দুইবার মেসির ভোট পেয়েছেন। প্রথম তিনজন ব্যালন ডি’অরের ভোটে এবং গারনাচো কোপা ট্রফির ভোটে জায়গা করে নেন।
২০১১ সালে মেসির প্রথম পছন্দ ছিলেন জাভি হার্নান্দেজ। পরের দুই বছর তার শীর্ষ পছন্দ ছিলেন ইনিয়েস্তা। ২০১৪ সালে প্রথম ভোট দেন দি মারিয়াকে। আর ২০১৫ সালে তার পছন্দের শীর্ষে ছিলেন লুইস সুয়ারেজ। নেইমারও একাধিকবার মেসির ভোট পেয়েছেন।
কোপা ট্রফিতেও তরুণদের প্রতি মেসির আস্থা দেখা গেছে। ২০২১ সালে পেদ্রি, ২০২২ সালে গাভি এবং ২০২৩ সালে জামাল মুসিয়ালাকে প্রথম পছন্দ করেন তিনি। পরবর্তী তিন আসরে তার শীর্ষ পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল।
২০২৬ সালের কোপা ট্রফির ভোটে ইয়ামালকে প্রথম, পাউ কুবারসিকে দ্বিতীয় এবং ইব্রাহিম মাজাকে তৃতীয় স্থানে রেখেছিলেন মেসি। শেষ পর্যন্ত ইয়ামাল ৯৬ ভোট পেয়ে কুবারসির ৯৪ ভোটকে পেছনে ফেলে পুরস্কার জেতেন।




