মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রোটিয়াদের বিশাল লিড, বাংলাদেশের বাড়ছে হতাশা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

প্রোটিয়াদের বিশাল লিড, বাংলাদেশের বাড়ছে হতাশা

সেঞ্চুরিয়ন টেস্টে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পথে স্বাগতিক ব্যাটারদের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছে প্রোটিয়ারা, যা তাদের লিডকে নিয়ে গেছে ২৬৫ রানে।

লাঞ্চের পর ৩ উইকেটে ২২৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। এরপর ৩২ ওভার খেলে আরও ১২৮ রান যোগ করে তারা, তবে হারায় ২টি উইকেট। চা-বিরতিতে ৬৩ রানে অপরাজিত আছেন টনি ডি জর্জি এবং তার সঙ্গী ভিয়ান মুল্ডার ব্যাট করছেন ৩৩ রানে।

লাঞ্চের পরপরই উইকেট নেওয়ার সুযোগ হাতছাড়া করে সফরকারীরা। ইবাদত হোসেনের ডেলিভারিতে ১০ রানে থাকা ম্যাথু ব্রিটজকের ক্যাচ স্লিপে ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। যদিও জীবন পেয়ে খুব বেশি দূর এগোতে পারেননি ব্রিটজকে; আর ১০ রান যোগ করেই খালেদ আহমেদের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

এদিকে আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া রায়ান রিকেলটন এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ৩ চারে ২০ রান করার পর শরিফুল ইসলামের অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা মেরে ক্যাচ দেন তিনি। এই ঘটনার আগেই একটি রিভিউ হারিয়ে বসে বাংলাদেশ।

রিকেলটনের বিদায়ের পর আর কোনো ধাক্কা সামলাতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ফিফটি ছোঁয়ার আগে মুমিনুল হকের বলে রিভিউ নিয়ে বেঁচে যান ডি জর্জি। অন্য ব্যাটাররা যখন দ্রুত রান তুলতে ব্যস্ত ছিলেন, তখন এক প্রান্ত আগলে রেখে ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন এই বাঁহাতি। ক্রিজে এসে তার সঙ্গে ৬০ রানের জুটি গড়ে তোলেন ভিয়ান মুল্ডার।

প্রথম দিনে বৃষ্টির কারণে একটি সেশন ভেসে যাওয়ার পর ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ১৩৮ বলে ১৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন মার্কাস অ্যাকারম্যান।

চার পেসারের ওপর চাপ কমাতে এদিন অনিয়মিত তিন বোলারকে দিয়েও বোলিং করিয়েছে বাংলাদেশ। তবে তা খুব একটা স্বস্তি দেয়নি। এক ওভারে ২০ রান খরচ করেন শান্ত। মুমিনুল হক ১২ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এবং তাওহীদ হৃদয় বল করেন ৫ ওভার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর