মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে ৯১ রানে অলআউট করার রহস্য জানালেন প্রোটিয়া বোলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

বাংলাদেশকে ৯১ রানে অলআউট করার রহস্য জানালেন প্রোটিয়া বোলার

সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছেন প্রোটিয়া বোলাররা। বৃষ্টির পর খেলা শুরু হলে আগুনে বোলিংয়ে টাইগারদের অল আউট করেন মাত্র ৯১ রানে। এমন পারফর্ম্যান্সের পর নিজেদের বোলিং সাফল্যের মূল রহস্য উন্মোচন করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া।

বৃষ্টির কারণে বিলম্বিত শুরুর বাধা পেরিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয় প্রোটিয়ারা; চোট কাটিয়ে দলে ফেরার ম্যাচে ৬ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট শিকার করেন নরকিয়া। সুপারস্পোর্ট পার্কে সফরকারীরা অলআউট হয়ে যায় মাত্র ৯১ রানে। জবাবে প্রথম দিন শেষে ১ উইকেটে ৮৮ রান তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা; মার্কাস অ্যাকারম্যান (৪৬* অপরাজিত) এবং জুবায়ের হামজা (৯* অপরাজিত) ক্রিজে অপরাজিত থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও সুসংহত করার পথে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিকরা।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠানোর পর পেস আক্রমণের দুই মূল ভরসা কাগিসো রাবাদা (৩/২৩) এবং মার্কো জানসেন (৩/১৭) তিনটি করে উইকেট তুলে নেন। নরকিয়া স্বীকার করেছেন যে, তিনি এবং তাঁর সতীর্থ ফাস্ট বোলাররা পরিকল্পনাটা একদম সহজ রেখেছিলেন।

নরকিয়া বলেন, "উইকেট এখন পর্যন্ত কিছুটা মন্থর ছিল, তাই আশা করছি ম্যাচ গড়ানোর সাথে এর গতি বাড়বে। আমাদের মূল লক্ষ্য ছিল তাদের দিয়ে শট খেলানো, সম্ভব হলে তাদের কিছুটা সামনের পায়ে খেলতে বাধ্য করা।"

সহায়ক পিচ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার বিষয়ে তিনি যোগ করেন, "এমন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া সব সময় সহজ নয়, তবে আমার দিক থেকে বিষয়টা একদমই সহজ ছিল- স্রেফ ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করা এবং সেখান থেকেই এগিয়ে যাওয়া। আপনাকে যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, এরপর খেলা যত এগোবে এবং উইকেটের গতি বাড়বে বা কন্ডিশনে যা-ই ঘটুক না কেন, সে অনুযায়ী যতটা সম্ভব নিজেকে মানিয়ে নিতে হবে।"

সবশেষে নিজেদের বোলিং দর্শন স্পষ্ট করে এই গতি তারকা বলেন, "স্রেফ কন্ডিশনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে, আমাদের একমাত্র লক্ষ্য ছিল যত দীর্ঘ সময় সম্ভব বলটা সঠিক জায়গায় ফেলে যাওয়া।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর