অস্ট্রেলিয়ার কুখ্যাত ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ (সিরিশ কাগজ দিয়ে বল বিকৃতি) কেলেঙ্কারি নিয়ে চলমান বিতর্কে নতুন এক মোড় যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটিং কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। তাঁর দাবি, বল বিকৃতির ঘটনা কেবল কেপ টাউনেই সীমাবদ্ধ ছিল না, বরং সিরিজের উদ্বোধনী ডারবান টেস্টেও একই কাজ করেছিল অস্ট্রেলিয়া।
বিতর্কিত সেই কেপ টাউন টেস্টে খেলা (যেখানে তিনি প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেছিলেন) ডি ভিলিয়ার্স দাবি করেন যে, ঘটনাটি শুধু তৃতীয় টেস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; ডারবানের প্রথম টেস্টেও অস্ট্রেলিয়া বল বিকৃতিতে জড়িত ছিল।
সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার সাম্প্রতিক আত্মজীবনী ‘সবর’ এ উঠে আসা বিস্ফোরক সব তথ্যের পর এই কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে, যা বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডসহ সাবেক বেশ কয়েকজন সতীর্থের সাথে খাজার মতবিরোধ তৈরি করেছে।
নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় ডি ভিলিয়ার্স স্পষ্ট করেন যে চলমান এই মতবিরোধে তিনি কারও পক্ষ নিতে চান না, তবে অস্ট্রেলিয়ার সব খেলোয়াড় সিরিশ কাগজ ব্যবহারের কথা জানতেন কি না- তা নিয়ে অতিরিক্ত আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ডি ভিলিয়ার্স বলেন, "আমি এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে বা কেউ সঠিক আর কেউ ভুল- তা বলতে আসিনি। তবে কয়েকটি বিষয়ে আমার জোরালো কিছু অনুভূতি আছে, যা আমি এখানে শেয়ার করতে পারি।"
আত্মজীবনী প্রকাশের বিষয়ে খাজার সিদ্ধান্তকে সমর্থন করলেও, এই তথ্য প্রকাশের সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। তিনি যোগ করেন, "উসমানের বই প্রকাশ করার মধ্যে ভুল কিছু নেই। তবে এখন ২০২৬ সাল চলছে বিবেচনায় নিলে সময়টা স্পষ্টতই কিছুটা অদ্ভুত।"
এই বিতর্কে জড়িয়ে পড়া ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ডি ভিলিয়ার্স স্বীকার করেন যে, নতুন করে শুরু হওয়া এই আলোচনা সংশ্লিষ্টদের জন্য বিষয়টিকে ক্রমশ ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছে। তবে মাঠের ভেতরে ঘটে যাওয়া অনৈতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর কোনো সহানুভূতি নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।
তিনি বলেন, "জড়িত সবার জন্যই বিষয়টি এখন ভীষণ ব্যক্তিগত হয়ে উঠেছে এবং তাদের প্রতি আমার সহমর্মিতা আছে। তবে অবশ্যই সেদিন মাঠে যা ঘটেছিল এবং তার আগে আরও কতগুলো ম্যাচে এমনটা ঘটেছিল- সেসব কর্মকাণ্ডের প্রতি কোনো সহমর্মিতা নেই।"
দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি আরও দাবি করেন যে, বল বিকৃতির এই বিতর্ক কেপ টাউন টেস্টের আগেই শুরু হয়েছিল এবং তিনি সরাসরি ডারবানে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটির দিকে ইঙ্গিত করেন। পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অস্ট্রেলীয় খেলোয়াড়দের কথিত সম্পৃক্ততা নিয়ে সাম্প্রতিক আলোচনা কেন্দ্রীভূত থাকলেও, ডি ভিলিয়ার্স জোর দিয়ে বলেন যে ডারবানেও অনুরূপ কর্মকাণ্ড ঘটেছিল- এ নিয়ে তাঁর মনে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, "আমি দেখছি সবাই একরকম স্বীকার করে নিচ্ছে যে পোর্ট এলিজাবেথেও এটি ঘটেছিল। আমি খুব জোর দিয়েই বলতে পারি ডারবানও এর ব্যতিক্রম ছিল না। আপনারা ফুটেজগুলো গিয়ে দেখুন। এ নিয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই।"
ডি ভিলিয়ার্স আরও যুক্তি দেন যে, স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির মূল বিষয়টি বলের আকৃতি পরিবর্তনের জন্য কোন নির্দিষ্ট বস্তু ব্যবহার করা হয়েছিল তা নয়; বরং খেলোয়াড়দের ইচ্ছাকৃতভাবে সীমা লঙ্ঘন করে একটি অবৈধ কাজ করার সিদ্ধান্তই ছিল আসল অপরাধ। সিরিশ কাগজের কথা কে জানত তা নিয়ে চলমান আলোচনা আসল বিষয়- অর্থাৎ প্রতারণার পূর্বপরিকল্পিত প্রকৃতি- থেকে সবার দৃষ্টি সরিয়ে দিচ্ছে বলে মনে করেন তিনি।
ডি ভিলিয়ার্স বলেন, "এটা খুব অদ্ভুত যে সবাই এখন সিরিশ কাগজ নিয়ে কথা বলছে এবং জিজ্ঞেস করছে 'তুমি কি সিরিশ কাগজের কথা জানতে?' দিনশেষে, সবাই জানত যে তারা সীমা অতিক্রম করতে যাচ্ছে এবং অবৈধ কিছু করতে যাচ্ছে আর এই আসল পয়েন্টটাই সবাই এড়িয়ে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "কোন বস্তুটি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে আমরা সবাই এত চিন্তিত কেন? আসল সত্য হলো, মাঠে অবৈধ কিছু করার জন্য একটি পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।"




