রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিরিজ বাঁচাতে ব্যাটে-বলে উন্নতিতে জোর দিলেন সিমন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

সিরিজ বাঁচাতে ব্যাটে-বলে উন্নতিতে জোর দিলেন সিমন্স

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজে সমতা চায় বাংলাদেশ। আর সিরিজ বাঁচাতে হলে বোলিংয়ে শৃঙ্খলা এবং ব্যাটিংয়ে কৌশলগত সংযমই সবচেয়ে বড় নিয়ামক হবে বলে মনে করছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথম টেস্টে বাংলাদেশ ১২০ রানে ৫ উইকেট হারিয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৪০০ রান তুলেছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচটি হারে টাইগাররা। এ ম্যাচের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো পর্যালোচনা করতে গিয়ে সিমন্স উল্লেখ করেন যে, তাঁর বোলাররা দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে যথেষ্ট চ্যালেঞ্জ জানাতে পারেননি।

সিমন্স বলেন, "আমার মনে হয় আমরা যে প্রধান শিক্ষার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছি, তা হলো ওদের বিপক্ষে আমাদের বোলিংয়ের লাইন। আমাদের মনে হয়েছে যে আমরা ওদের যথেষ্ট বল খেলাতে পারিনি এবং এই জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে। ১২০ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ৪০০ রান করাটা দারুণ ব্যাপার, তাই এটি একটি ইতিবাচক দিক। তবে আমাদের অফ স্টাম্প এবং ফোর্থ স্টাম্পের লাইনে ব্যাটসম্যানদের আরও বেশি বল খেলানোর বিষয়ে উন্নতি করতে হবে।"

ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ আরও বাড়ছে, কারণ কাগিসো রাবাদার পাশাপাশি প্রোটিয়া পেস আক্রমণে ফিরছেন গতি তারকা আনরিখ নরকিয়া। তবে সিমন্স জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসেনি; সিরিজ শুরুর আগেই সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য পরিকল্পনা সাজিয়ে রেখেছিল দল।

তিনি বলেন, "প্রথম টেস্ট ম্যাচের মতো করেই আমরা প্রস্তুতি নিয়েছি, কারণ আমরা আগে থেকে বুঝতে পারিনি যে প্রথম ম্যাচে নরকিয়া খেলবে না বা বশ খেলবে না। তাই ফাস্ট হোক বা মিডিয়াম- সব ধরনের পেসারদের সামলানোর জন্যই আমরা প্রস্তুত ছিলাম।"

এ ছাড়া বেশ কয়েকজন বাংলাদেশি ব্যাটারের ব্যাট-প্যাডের ফাঁক গলে বা ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে বল টেনে এনে বোল্ড হওয়ার যে পুনরাবৃত্তি দেখা গেছে, সেই কারিগরি ত্রুটি নিয়েও সরাসরি ব্যাখ্যা দিয়েছেন সিমন্স।

কোচ ব্যাখ্যা করে বলেন, "শরীর থেকে অনেক দূরে গিয়ে খেলার কারণেই এমনটা ঘটে। আমরা কাজ করার চেষ্টা করছি এবং নিশ্চিত করতে চাইছি যেন কেউ শরীর থেকে দূরে গিয়ে খেলার চেষ্টা না করে, যাতে এমনটি খুব বেশি না ঘটে। আপনি যদি শরীর থেকে দূরে গিয়ে খেলেন, তবে এভাবে আউট হওয়ার ঝুঁকি থেকেই যায়।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর