জামাল মুসিয়ালার চুক্তি নিয়ে বায়ার্ন মিউনিখের শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। জার্মান ক্লাবটির অবস্থানের সমালোচনা করে সংগঠনটি বলেছে, বায়ার্নের মতো মর্যাদাপূর্ণ ক্লাবের কাছ থেকে আরও ভালো কিছু আশা করে ফুটবল সংশ্লিষ্ট সবাই।
প্রাক-মৌসুমে চার দিনের ব্যবধানে দুবার মাঠে লুটিয়ে পড়েছিলেন ২৩ বছর বয়সি এই জার্মান আন্তর্জাতিক ফুটবলার। পরবর্তীতে তিনি জানান যে, স্নায়ুবিক সমস্যার কারণে তাঁর ‘সহজেই চিকিৎসাযোগ্য অ্যাবসেন্স সিজার’ (সাময়িক চেতনা লোপ পাওয়া) রোগ ধরা পড়েছে।
চলতি মাসের শুরুর দিকে বায়ার্নের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস মন্তব্য করেছিলেন যে, মুসিয়ালা হয়তো আর কখনোই ‘তাঁর আগের পারফরম্যান্সের পর্যায়ে ফিরে যেতে পারবেন না’।
অন্যদিকে, বুন্দেসলিগা ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেনও ২০২৫ সালে মুসিয়ালার স্বাক্ষরিত লোভনীয় চুক্তি নবায়ন (যার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত) নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর আশঙ্কা, মুসিয়ালা আরও কখনোই পূর্বের সেরা ফর্মে ফিরতে পারবেন না। সেক্ষেত্রে মুসিয়ালার চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে বলেও আভাস দেন তিনি। পাশাপাশি ড্রেসেনের পূর্বসূরি কার্ল-হেইঞ্জ রুমেনিগে ইঙ্গিত দিয়েছেন যে, চুক্তিটি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন হতে পারে।
মুসিয়ালাকে নিয়ে বায়ার্নের পক্ষ থেকে এমন মন্তব্যের পর এক বিবৃতিতে ফিফপ্রো বলেছে, "বায়ার্নের সম্মানসূচক সভাপতি, প্রধান নির্বাহী এবং সাবেক প্রধান নির্বাহী- তিনজনই খুব অল্প সময়ের ব্যবধানে প্রকাশ্যে মুসিয়ালার চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। ফিফপ্রোর মতে, যেকোনো আলোচনার আগে মুসিয়ালা এবং তাঁর প্রতিনিধিদের ওপর চাপ সৃষ্টির এটি একটি সমন্বিত কৌশল। বায়ার্নের মতো মর্যাদার একটি ক্লাবের আরও ভালো আচরণ করা উচিত ছিল।"
২০১৯ সালে চেলসির একাডেমি থেকে বায়ার্নে যোগ দেওয়া মুসিয়ালা গত ১৮ সেপ্টেম্বর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৭-০ গোলে জয়ের ম্যাচে গোল করার পর প্রথমবার মাঠে নামেন শুক্রবার। কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে ৭০ মিনিট পর বদলি হিসেবে খেলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে অংশ নিয়ে দুটি গোল করেছেন এবং একটি গোলে সহায়তা (অ্যাসিস্ট) দিয়েছেন তিনি।
ফিফপ্রো আরও যোগ করেছে, "মুসিয়ালার প্রতি বায়ার্নের যত্নশীল হওয়ার দায়িত্ব রয়েছে। পেশাদার ফুটবলে কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন তিনি চোট কাটিয়ে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকেন। মুসিয়ালার স্বাস্থ্য ও ভবিষ্যৎকে জনসমক্ষে বিতর্কের বিষয় বানানো সেই চাপ আরও বাড়িয়ে দেয়। তাঁর চুক্তি নিয়ে কোনো উদ্বেগ থাকলে তা একান্তই ব্যক্তিগতভাবে তাঁর এবং তাঁর প্রতিনিধিদের সাথে আলোচনা করা উচিত।"
সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, "চুক্তি তৈরিই করা হয় সম্মান করার জন্য। কোনো চোট বা ফর্মের অবনতি একটি ক্লাবকে সম্মত চুক্তির শর্ত পুনর্বিবেচনার কোনো ভিত্তি দেয় না, ঠিক যেমন টানা দুর্দান্ত পারফরম্যান্স কোনো খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির অধিকার দেয় না।"
উল্লেখ্য, বায়ার্ন দলে মুসিয়ালার প্রত্যাবর্তনের এই একই ম্যাচে গোড়ালির চোটে পড়েন ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইন, যার ফলে তাঁকে আগামী কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে।




