রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

এই দুই তরুণ আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপ জেতাতে পারে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

এই দুই তরুণ আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপ জেতাতে পারে

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসি আর ম্যারাডোনার নাম এলেই চোখ জ্বলে ওঠে। তাদের সঙ্গে তুলনা করা মানেই বড় দায়িত্ব। কিন্তু এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার সভাপতি ও সাবেক আন্তর্জাতিক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন সম্প্রতি কোমোর তরুণ প্লেমেকার নিকো পাজকে দেখে সেই তুলনাই টেনেছেন। 

ইতালির বিখ্যাত সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২২ বছর বয়সে এই নির্দিষ্ট কিছু কাজ কেবল মেসি ও এক ম্যারাডোনাকেই করতে দেখেছি।’

ভেরন স্পষ্ট করে দিয়েছেন, এখনই পাজকে সেই দুই কিংবদন্তির পর্যায়ে বসাতে চান না তিনি। বরং বলছেন, ‘সে যদি এখনকার মতো পেশাদার আচরণ ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’ 

পাজের অসাধারণ টেকনিক, খেলার বুদ্ধিমত্তা ও পরিণত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে মুগ্ধ করেছে। মাঠে তার আত্মবিশ্বাস এমন যে, প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে থাকলেও সতীর্থরা নিয়মিত তার পায়ে বল তুলে দিতে চান। কারণ চাপের মধ্যেও তিনি বেরিয়ে আসতে পারেন এবং কঠিন পরিস্থিতিতে সমাধান খুঁজে নেন।

খেলার গতিপ্রকৃতি বোঝার দক্ষতাকেও ভেরন আলাদা করে নজর দিয়েছেন। কখন আক্রমণের গতি বাড়াতে হবে, কখন ধীর করতে হবে আর কখন নিজে দায়িত্ব নিয়ে ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নিতে হবে; এসব বিষয়ে পাজের স্বাভাবিক নেতৃত্বের গুণ আছে বলে মনে করেন তিনি। 

নিজের খেলার ধরনের সঙ্গে তুলনা করে ভেরন বলেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ অনেকটা আমার মতো, তবে ২০ মিটার সামনে খেলে। সে স্বাধীনভাবে শট নিতে পারে, গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে কিংবা ডিফেন্সচেরা পাস দিতে পারে।’

আর্জেন্টিনার কোস্টারিকার বিপক্ষে ৭-০ জয়ে পাজের পারফরম্যান্সকে একমাত্র প্রমাণ হিসেবে দেখছেন না ভেরন। বরং ইতালীয় সিরি আ-তে নিয়মিত কঠিন ম্যাচে তার খেলাকেই প্রকৃত যোগ্যতার পরিচয় বলে মনে করেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, তরুণদের ওপর অতিরিক্ত প্রত্যাশা চাপানো ঠিক নয়। ম্যারাডোনা বা এমনকি ওমর সিভোরির সঙ্গে তুলনার চাপে আগেও অনেক প্লেমেকার ভুগেছেন। 

কোচ লিওনেল স্ক্যালোনির ধৈর্য ধরার পরামর্শের সঙ্গে তিনি একমত। তার কথায়, ‘তাদের শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।’

আরেক তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর কথাও উঠে এসেছে সাক্ষাৎকারে। ফিওরেন্তিনার এই খেলোয়াড়ের ড্রিবলিং, গতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করে ভেরন বলেছেন, তিনি এখনো বিকাশের প্রাথমিক পর্যায়ে। পাজের চেয়ে তিন বছর ছোট হওয়ায় এটা স্বাভাবিক। নিয়মিত খেলার সুযোগ পেলে তার উন্নতি দ্রুত হবে বলে বিশ্বাস তার।

মেসির যুগ শেষ হওয়ার পর আর্জেন্টিনার নেতৃত্ব ও সৃজনশীলতার ভার একদিন এসব তরুণের কাঁধে উঠবে। ভেরনের বিশ্বাস, পাজ ও মাস্তানতুয়ানোকে ঘিরে বড় স্বপ্ন দেখা যায়। তবে শর্ত একটাই তাদের শান্তিতে বেড়ে উঠতে দিতে হবে। তার ভাষায়, ‘আমরা ১০ নম্বরের দেশ। এই দুই তরুণ আমাদের বড় স্বপ্ন দেখাতে পারে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর