সাফ চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। এর আগে আসিয়ান কাপেও তিন ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে জাতীয় দলের। টানা ব্যর্থতায় প্রধান কোচ টমাস ডুলির দায়িত্ব নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। তবে আপাতত তাকে রাখা হবে, নাকি সরিয়ে দেওয়া হবে; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার বাফুফে ভবনে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির সভায় ডুলির ভবিষ্যৎ এবং সাফে দলের ব্যর্থতা নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান কোচ নিজেও। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারের কারণ এবং দলের পারফরম্যান্স নিয়ে কমিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
ডুলির বক্তব্য শোনার পর তাকে সভা থেকে বিদায় দেওয়া হয়। এরপর নিজেদের মধ্যে আরও প্রায় ৩০ মিনিট আলোচনা করেন কমিটির সদস্যরা। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।
সভা শেষে কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন। শিগগিরই পরবর্তী সভা ডেকে চূড়ান্ত সুপারিশ নির্বাহী কমিটিতে পাঠানো হবে।
বাবু বলেন, ‘কোচকে আমরা বাদ দেবো, রাখবো, নাকি কী করবো, এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। খুব শিগগিরই আরেকটি সভা ডাকবো। সেখানে সিদ্ধান্ত নিয়ে নির্বাহী কমিটিতে পাঠাবো।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। দেশের ফুটবল, ফুটবলার এবং দেশের বৃহত্তর স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেটাই নেবো।’
শুধু প্রধান কোচ নয়, ডুলির অধীনে কাজ করা সহকারী কোচ, ভিডিও অ্যানালিস্ট, ফিজিও ও দেশীয় কোচিং স্টাফদের বিষয়েও খোঁজ নিতে চায় কমিটি। কোচিং স্টাফ নিয়োগপ্রক্রিয়ায় ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছেন বাবু। এ কারণে সভায় টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকেও রাখা হয়েছিল।
উল্লেখ্য, সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। এর আগে আসিয়ান কাপে তিন ম্যাচেই হারে দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের পরাজয় ছিল সেই অভিযানের সবচেয়ে বড় ধাক্কা।
সব মিলিয়ে ডুলির কৌশল, দলের পারফরম্যান্স ও কোচিং স্টাফ নিয়োগপ্রক্রিয়া পর্যালোচনা করছে বাফুফে। এখন অপেক্ষা পরবর্তী সভার, যেখানে নির্ধারিত হতে পারে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ডুলির ভবিষ্যৎ।




