রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আঠারো বছর পর সেঞ্চুরিয়নে টেস্ট, ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

আঠারো বছর পর সেঞ্চুরিয়নে টেস্ট, ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ

জোহানেসবার্গের প্রথম টেস্টে চারশো রানের বিশাল পুঁজি গড়েও ম্যাচ হাতছাড়া হওয়ার ক্ষত এখনো দগদগে নাজমুল হোসেন শান্তর শিবিরে। সেই হতাশা ঝেড়ে ফেলে এবার সিরিজে টিকে থাকার লড়াইয়ে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে নামছে বাংলাদেশ। আঠারো বছর পর এই মাঠে ফেরার অপেক্ষায় থাকা টাইগারদের সামনে এখন শুধু সমতায় ফেরার তাগিদই নয়, বরং দক্ষিণ আফ্রিকার মাটিতে অধরা টেস্ট জয়ের স্বপ্ন ছোঁয়ার কঠিন পরীক্ষা।

হাইভেল্ড অঞ্চলের সেঞ্চুরিয়ন বরাবরই পেসারদের স্বর্গ হিসেবে পরিচিত। সুপারস্পোর্ট পার্কের বাউন্সি উইকেটে বাড়তি গতি, সিম মুভমেন্ট আর নতুন বলে দুই দিকে সুইং শুরুতেই চাপে ফেলতে পারে ব্যাটারদের।

ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট ঠিক রাখা এবার বড় পার্থক্য গড়ে দিতে পারে। অন্যদিকে বোলিংয়ে তাসকিনদের নিতে হবে শৃঙ্খলাবদ্ধ পরিকল্পনা।

তবে এই লড়াইয়ে হাসান মাহমুদের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা হতে পারে। এছাড়া কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে একাদশ সাজাতে নতুন করে হিসাব-নিকাশ করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

মুশফিকের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেতে পারেন জাকের আলী। তবে ব্যাটিংয়ের চেয়ে বড় প্রশ্ন এখন বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে।

এদিকে কাফ ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা, যার জায়গায় নেতৃত্ব দেখা যেতে পারে এইডেন মার্করামকে। বাভুমার না থাকা কিছুটা স্বস্তি দিলেও প্রোটিয়া পেস আক্রমণ সামলানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জোহানেসবার্গ টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নামায় সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও সিদ্ধান্তটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। তার মতে, পেস সহায়ক উইকেটে মাত্র তিনজন পেসার নিয়ে খেলা ছিল রক্ষণাত্মক কৌশল।

সেঞ্চুরিয়নের উইকেটেও এবার পেসারদের জন্য ভালো পরিস্থিতি রয়েছে। এই মাঠে টেস্টে ৮৮ শতাংশের বেশি উইকেট পেয়েছেন পেসাররা। উইকেটে ঘাস থাকায় চার পেসার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশের পেস বিভাগে রয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। হাসানের অনুপস্থিতিতে শরীফুলের ফেরার সম্ভাবনা বেশি। তবে তাসকিনের পায়ের সমস্যা এবং সামনে সীমিত ওভারের সিরিজ থাকায় তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। জোহানেসবার্গে এবাদতের পারফরম্যান্সও ছিল প্রত্যাশার চেয়ে কম।

ব্যাটিং বিভাগেও থাকতে পারে পরিবর্তন। মুশফিকের অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন জাকের আলী। পাশাপাশি মুমিনুলের বোলিং অনুশীলন স্পিন বিভাগ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই কি একাদশ সাজাবে বাংলাদেশ? এমনকি মেহেদী হাসান মিরাজকেও বাইরে রাখার ঝুঁকি নেবে টিম ম্যানেজমেন্ট? সব উত্তর মিলবে একাদশ ঘোষণার পরই। 

সবশেষ ২০০৮ সালে সেঞ্চুরিয়নে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর ফেরা এই ভেন্যুতে ইতিহাস বদলানো এভারেস্ট জয়ের মতোই কঠিন। তবু মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাস শক্তি জোগাবে দলকে। প্রথম ম্যাচে যে টেকনিক, টেম্পারামেন্ট ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ঘাটতি ছিল, সেঞ্চুরিয়নে সেটিই পূরণ করতে হবে বাংলাদেশকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর