বহু প্রতীক্ষার শিরোপা জয়ের আনন্দ তখনো শেষ হয়নি। সতীর্থদের সঙ্গে উদ্যাপনের রেশ কাটতে না কাটতেই হঠাৎ উদ্বেগ ছড়িয়ে পড়ে বোকা জুনিয়র্সের শিবিরে। সরাসরি টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস।
শনিবার (২১ নভেম্বর) কলম্বিয়ার বারাঙ্কিয়ায় আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জেতে বোকা জুনিয়র্স। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ক্যামেরার সামনেই অসুস্থ হয়ে পড়েন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার।
পারেদেসকে পড়ে যেতে দেখে সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক তাঁকে ধরে রাখার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁকে সামলাতে পারেননি। দ্রুত ছুটে আসেন চিকিৎসাকর্মীরা। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় সরাসরি সম্প্রচার। চিকিৎসা পাওয়ার পর জ্ঞান ফিরে আসে পারেদেসের। পরে নিজেই হেঁটে ড্রেসিংরুমে যান তিনি।
ফাইনালেও শারীরিক অস্বস্তিতে ছিলেন এই আর্জেন্টাইন। বারাঙ্কিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্রতায় হাঁপিয়ে ওঠায় ম্যাচের ৫৮ মিনিটে তাঁকে তুলে নেন কোচ রোদলফো আরুয়াবারেনা।
ম্যাচ শেষে কোচ বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে পারেদেসের মাথা ঘুরছিল। বিরতির পর কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পরই বোঝা যাচ্ছিল, সে শারীরিকভাবে লড়াই করতে পারছে না।’
তবে পারেদেসের অজ্ঞান হওয়ার নির্দিষ্ট কারণ নিয়ে আনুষ্ঠানিক চিকিৎসা প্রতিবেদন প্রকাশের তথ্য পাওয়া যায়নি।




