স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এক ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষায় পরিণত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের পর থেকে ক্লাবটির কোচ নিয়োগ ও ছাঁটাইয়ের খরচ প্রায় ১০ কোটি (১০০ মিলিয়ন) পাউন্ডে গিয়ে ঠেকেছে।
ফার্গুসনের অধীনে ক্লাবটি যে সাফল্যের শিখরে পৌঁছেছিল, তা পুনরুদ্ধারে বারবার কোচ বদলের এই চক্রে মরিসিও পচেত্তিনোর নিয়োগ আরও একটি বিশাল আর্থিক বোঝা যোগ করেছে। বিবিসির তথ্যমতে, কোচদের নিয়োগ দিতে এবং বরখাস্ত করতে ক্ষতিপূরণ বাবদ ক্লাবটির খরচ এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখ (৯৫ মিলিয়ন) পাউন্ডে দাঁড়িয়েছে। পচেত্তিনোর কোচিং স্টাফ নিয়োগ এবং মাইকেল ক্যারিককে বরখাস্ত করার খরচ যুক্ত হলে এই অঙ্ক ১০ কোটি পাউন্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৩ নভেম্বর আড়াই বছরের চুক্তিতে পচেত্তিনোকে নতুন প্রধান কোচ হিসেবে নিশ্চিত করে ইউনাইটেড। এই আর্জেন্টাইন কোচকে চুক্তি থেকে মুক্ত করতে ইউএস সকারকে (যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন) ৭৫ লাখ (৭.৫ মিলিয়ন) পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয়েছে বলে জানা গেছে। প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফলের সাথে জমা দেওয়া নথি অনুযায়ী, পচেত্তিনোর নিয়োগ নিশ্চিত করার তিন দিন পর ১৬ নভেম্বর ক্লাবটি আরও ১ কোটি (১০ মিলিয়ন) পাউন্ড ঋণ নিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ক্যারিককে বরখাস্ত করার পর সর্বশেষ এই কোচ পরিবর্তনের ঘটনা ঘটল। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছয় মাসের সফল অধ্যায়ের পর গ্রীষ্মেই দুই বছরের স্থায়ী চুক্তিতে সই করেছিলেন তিনি। কিন্তু দল পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চলে (রেলিগেশন জোন) নেমে যাওয়ায় এবং গত ৪০ বছরের মধ্যে মৌসুমের সবচেয়ে বাজে শুরুর মুখে পড়ায় তাঁকে বিদায় নিতে হয়।
২০১৩ সালে ফার্গুসনের অবসরের পর পচেত্তিনো হলেন ইউনাইটেডের নবম পূর্ণকালীন কোচ- যার মধ্যে ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া রালফ রাংনিকও অন্তর্ভুক্ত। গত তিনটি মৌসুমের প্রতিটির মাঝপথেই কোচ পরিবর্তন করেছে ইউনাইটেড, যা ক্লাব পুনর্গঠনের প্রচেষ্টাকে বারবার ব্যাহত করা অস্থিরতাকেই স্পষ্ট করে তোলে।
তবে বারবার কোচ পরিবর্তন সত্ত্বেও ক্লাবের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রতি তাঁদের প্রতিশ্রুতির কথা জোর দিয়ে বলছেন।
তিন মৌসুমেরও কম সময়ের মধ্যে তিনজন স্থায়ী কোচ বদলের পর ক্লাব যে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জন করতে পারেনি, তা স্বীকার করেছেন প্রধান নির্বাহী ওমর বেরাদা। তবে প্রতিটি নিয়োগ থেকেই ক্লাব শিক্ষা নিচ্ছে বলে দাবি করেন তিনি।
স্কাই স্পোর্টসকে বেরাদা বলেন, "এরিক (টেন হাগ), রুবেন (আমোরিম) এবং এখন মাইকেলের ক্ষেত্রে কেন বিষয়টি কাজ করেনি, তার পেছনে ভিন্ন ভিন্ন পরিস্থিতি ছিল। আর আমরা সবসময় শিখছি। আমরা সবসময় উন্নতি করার এবং কোথায় ব্যর্থতা হয়েছে তা বোঝার চেষ্টা করছি।"
ইউনাইটেডের এই আর্থিক বোঝা কেবল কোচদের ক্ষতিপূরণের মধ্যেই সীমাবদ্ধ নেই। ৩০ সেপ্টেম্বরের পর নেওয়া তিনটি অতিরিক্ত ঋণের ফলে ইউনাইটেডের রোলিং ক্রেডিট ফ্যাসিলিটি ঋণ ২৪ কোটি (২৪০ মিলিয়ন) পাউন্ডে পৌঁছেছে। অন্যদিকে, অন্যান্য ক্লাবের কাছে তাদের বকেয়া ট্রান্সফার ফির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৭০ লাখ (৪১৭ মিলিয়ন) পাউন্ড, যার মধ্যে ১৮ কোটি ১০ লাখ (১৮১ মিলিয়ন) পাউন্ড এক বছর পর পরিশোধ করতে হবে।
এ ছাড়া নির্দিষ্ট কিছু খেলোয়াড় ও কোচিং স্টাফের নিবন্ধন অর্জন বা মেয়াদ বাড়াতে ক্লাবটি ৫৭ লাখ (৫.৭ মিলিয়ন) পাউন্ড ব্যয় করেছে। আর্থিক নথি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউনাইটেডের মোট ঋণের পরিমাণ ছিল ৭৫ কোটি (৭৫০ মিলিয়ন) ডলার, যা পাউন্ডে রূপান্তর করলে ৫৭ কোটি ৭৪ লাখ (৫৭৭.৪ মিলিয়ন) পাউন্ড দাঁড়ায়।
এদিকে গ্রীষ্মকালীন দলবদলে দলের অন্যান্য দুর্বল জায়গা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তিনজন মিডফিল্ডারের পেছনে প্রায় ১৫ কোটি (১৫০ মিলিয়ন) পাউন্ড বিনিয়োগ করার সমালোচনার জবাবে ইউনাইটেডের খেলোয়াড় কেনার কৌশলের পক্ষে সাফাই গেয়েছেন বেরাদা। তিনি বলেন, "আমাদের সুশৃঙ্খল থাকতে হবে। আমাদের সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক খেলোয়াড় কিনতে হবে।" কেবল দুর্বলতা ঢাকতে ক্লাব অতিরিক্ত অর্থ ব্যয় করবে না বলেও তিনি জোর দেন।
ধুঁকতে থাকা একটি দলকে ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে ওল্ড ট্রাফোর্ডে পা রেখেছেন পচেত্তিনো। তবে কোচদের পেছনে ক্রমবর্ধমান ব্যয় এবং দলবদল নীতি নিয়ে অব্যাহত প্রশ্নগুলোই প্রমাণ করে যে, ফার্গুসনের বিদায়ের পর থেকে চলে আসা সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান খুঁজে পাওয়া ইউনাইটেডের জন্য কতটা চ্যালেঞ্জিং।




