বিশ্ব ফুটবলের শীর্ষ মহলে এখন নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ফরাসি সাবেক ফুটবলার ও বিশ্লেষক জেরোম রোথেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দীর্ঘ শাসন ও বাণিজ্যিক নীতির কড়া সমালোচনা করে তিনি লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপের মতো মহাতারকাদের মাঠে না নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।
প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক এই মিডফিল্ডারের মতে, খেলোয়াড়দের স্বার্থের চেয়ে অর্থ ও ব্যবসায়িক স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন ইনফান্তিনো, আর এই অবস্থার পরিবর্তনে ১৫ দিনের ধর্মঘটই হতে পারে সবচেয়ে কার্যকর অস্ত্র।
ফ্রান্সের জনপ্রিয় রেডিও আরএমসির অনুষ্ঠান রোথেন সাঁফ্লামে কথা বলার সময় রোথেন স্পষ্ট করেন যে এককভাবে তার পক্ষে ফিফা প্রধানকে সরানো সম্ভব নয়। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রভাবশালী মুখগুলো একজোট হলে পুরো চিত্র বদলে যেতে পারে বলে বিশ্বাস করেন তিনি।
নিজের বক্তব্যে তিনি বলেন, ‘জেরোম রোথেন একা জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে পারবে না। কিন্তু বিশ্ব ফুটবলের অসাধারণ সব খেলোয়াড় আছে, যারা ফুটবলের প্রতিনিধিত্ব করে। হয়তো আমি ভুল, কিন্তু সবার আগে তাদেরই এগিয়ে আসা উচিত। ফুটবল খেলোয়াড়দের। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপের কথা বলছি।’
রোথেনের অভিযোগ, ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণে খেলোয়াড়দের মতামত ও কল্যাণ উপেক্ষিত হচ্ছে, অথচ তাদের পরিশ্রমের ওপর ভর করেই বাণিজ্যিক লাভের হিসাব কষা হচ্ছে। তার ভাষায়, শুধু মৌখিক প্রতিবাদ বা সমালোচনায় কাজ হবে না; খেলোয়াড়দের অনুপস্থিতিই প্রতিযোগিতা ও নিয়ন্ত্রকদের ওপর প্রকৃত চাপ তৈরি করতে পারে।
আন্দোলনের রূপরেখা তুলে ধরে রোথেন বলেন, ‘প্রথম কাজ হওয়া উচিত খেলা বন্ধ করে দেওয়া। এটাই একমাত্র সমাধান। ১৫ দিনের ধর্মঘট করো, দেখবে ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া হয়েছে।’
আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করা ইনফান্তিনো আরেকটি মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ও ব্যবস্থাপনা ঘিরে সাম্প্রতিক বিতর্ক তার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
এই নির্বাচনে ইনফান্তিনোর বিপরীতে প্রার্থী হিসেবে সামনে এসেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা। সাবেক টটেনহাম ডিফেন্ডার রামন ভেগাও আগ্রহ দেখালেও মনোনয়নের দৌড়ে প্রয়োজনীয় সমর্থন নিয়ে আলোচনা তৈরি হয়। ফিফার মোট ২১১টি সদস্য দেশের মধ্যে অন্তত ১০৬টি ভোট পেলেই আবারও সভাপতি হিসেবে জয়ী হতে পারবেন ইনফান্তিনো।




