ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের পেস আক্রমণের অন্যতম অভিজ্ঞ মুখ মোহাম্মদ সিরাজকে একাদশে না রাখার সিদ্ধান্ত হঠাৎ করেই বড় বিতর্কের জন্ম দিয়েছে। শুধু ক্রিকেট মহলে নয়, বিষয়টি এখন রাজনৈতিক ময়দানেও আলোচনার কেন্দ্রে।
কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ এএনআইকে বলেছেন, ‘শোনা যাচ্ছে, ভালো পারফরম্যান্সের পরও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম সিরাজ, আর সে কারণেই তাকে দলে নেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি তাকে নির্বাচন করা না হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।’ তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সরাসরি জবাব দিয়েছেন, ‘আমাদের দেশে যোগ্যতার ভিত্তিতেই সুযোগ দেওয়া হয়। কারও ধর্ম বা বর্ণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
ক্রিকেটীয় দিক থেকেও প্রশ্ন উঠেছে। পেস-সহায়ক উইকেট বিবেচনায় ভারত চার পেসার নিয়ে নামলেও সেই তালিকায় ছিলেন না সিরাজ। জাসপ্রিত বুমরাহর নেতৃত্বে মাঠে নামেন আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ ও অংশুল কম্বোজ। কম্বোজ ৬৯ রানে ২ এবং আকাশ দীপ ৫৩ রানে ৩ উইকেট নিলেও প্রসিদ্ধ কৃষ্ণ ১০০ রান দিয়ে মাত্র ১ উইকেট পান। প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করা এবং ৪৮ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন সিরাজকে বাইরে রাখার যুক্তি অনেকেই মেনে নিতে পারছেন না। ৪৩ উইকেট নিয়ে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের সবচেয়ে সফল বোলার তিনি।
সাম্প্রতিক দুই বড় সিরিজেও সিরাজের অবদান ছিল চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টে ২০ উইকেট এবং ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাটিং কোচ সিতাংশু কোটাক অবশ্য বলেছেন, ওয়েলিংটনের কন্ডিশন বিবেচনা করেই দল বাছা হয়েছে এবং সিরাজের কোনো সমস্যা নেই।
তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিরাজ ও দল ব্যবস্থাপনার মধ্যে যোগাযোগে টানাপোড়েন তৈরি হয়েছে। গত জুনে আয়ারল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম চাওয়া এবং শ্রীলঙ্কা সফরের আগে তার গতি কিছুটা কমে যাওয়ার বিষয়টি নির্বাচকদের চিন্তিত করেছিল। ২০২৬ সালে এখন পর্যন্ত তিন টেস্টে তিনি ২৮.৬০ গড়ে মাত্র পাঁচ উইকেট নিয়েছেন।
সাবেক কোচ রবি শাস্ত্রী এক্সে লিখেছেন, ‘পেস, দক্ষতা ও সুইং যদি বিবেচনার বিষয় হয়ে থাকে... তাহলে প্রশ্ন উঠবেই, মোহাম্মদ সিরাজ কোথায়?’ ওয়াসিম জাফর, হার্শা ভোগলে, মোহাম্মদ আজহারউদ্দিন ও রবিচন্দ্রন অশ্বিনও এই সিদ্ধান্তকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন। অশ্বিন তো বলেছেন, এক মাস ধরেই সিরাজকে বাদ দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছিল।




