বিয়ের আনন্দ শুধু নিজের পরিবার ও কাছের মানুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। জীবনের বিশেষ মুহূর্তের আনন্দ ভাগ করে নিতে সান গ্রুপের কর্মীদের জন্য রেখেছেন ব্যতিক্রমী উপহারের আয়োজন। কর্মীদের হাতে স্বর্ণের আংটি, চকলেট ও বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেওয়ার খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সান গ্রুপের কর্মীদের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিশেষ বাক্সের ভেতরে সাজানো রয়েছে আমন্ত্রণপত্র, চকলেট ও স্বর্ণের আংটি। উপহারের বাক্স খুলে এক কর্মীকে বিস্ময় প্রকাশ করতেও দেখা যায়। তার ধারণা ছিল, উপহার হিসেবে স্বর্ণের মুদ্রা দেওয়া হবে। কিন্তু বাক্সে স্বর্ণের আংটি দেখে তিনি অবাক হন।
উপহারের সঙ্গে থাকা আমন্ত্রণপত্রে আগামী ২৫ নভেম্বর মধ্যাহ্নভোজের আয়োজনের কথা উল্লেখ রয়েছে। তবে এটি কর্মীদের জন্য আলাদা কোনো অনুষ্ঠান কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে কতজন কর্মী উপহার পেয়েছেন, আংটির ওজন কিংবা আর্থিক মূল্য কত, তা নিয়েও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি সান গ্রুপ।
এর আগে গত ১১ নভেম্বর গ্রিসে ব্যক্তিগত আয়োজনে বিয়ে করেন কাব্য মারান ও জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। তাদের বিয়ের অনুষ্ঠানে দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ২১ নভেম্বর চেন্নাইয়ে তাদের জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ক্রিকেট, চলচ্চিত্র, ব্যবসা ও রাজনীতির বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কর্মীদের জন্য স্বর্ণের আংটি উপহারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে উপহারের আয়োজন নিয়ে সান গ্রুপের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




