শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুই বছরেরও বেশি সময় পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

দুই বছরেরও বেশি সময় পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

শুক্রবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান।

শ্রীলঙ্কাকে হারানোর মাধ্যমে দুই বছরেরও বেশি সময় পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। এর আগে তাদের সর্বশেষ টেস্ট সিরিজ জয়টিও এসেছিল এই রাওয়ালপিন্ডিতেই, যখন ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে জয়লাভ করেছিল দলটি।

৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। পাকিস্তানকে এই সহজ জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আজান আওয়াইস ও আমের জামাল।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তৈয়ব আরিফ, যিনি ১৭ বলে তিনটি চারসহ ১৩ রান করেন। এরপর মোহাম্মদ তাহা ৩ বলে ৪ রান করে বিদায় নেন। তবে শুরুর এই দুটি ধাক্কা পাকিস্তানের জয়ের পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

জয়সূচক রানটি আসে আমের জামালের ব্যাট থেকে; ২২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে আজান আওয়াইসও ৩৬ বলে পাঁচটি চারের সাহায্যে ৩২ রানের মূল্যবান অপরাজিত ইনিংস খেলেন।

এর আগে ৯৩ ওভারে ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করা শ্রীলঙ্কা ৯৫তম ওভারে ৩১৬ রানে অলআউট হয়। ফলে পাকিস্তানের সামনে ৯০ রানের লক্ষ্য দাঁড়ায়। ১০ বলে ২ রান করা আসিথা ফার্নান্দোকে আউট করে লঙ্কান ইনিংসের ইতি টানেন মোহাম্মদ আব্বাস।

তৃতীয় দিনে পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল শ্রীলঙ্কার লোয়ার অর্ডার। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক কুশল মেন্ডিস, সোনাল দিনুশা এবং মিলান রত্নায়েকের অর্ধশতকে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

১২৬ বলে আটটি চারে ৫৩ রানের চমৎকার ইনিংস খেলে প্রতিরোধের নেতৃত্ব দেন কুশল। দিনুশা ১১৯ বলে সাতটি চারের সাহায্যে ৫৪ রান করেন। আর রত্নায়েকে ৮৮ বলে ১২টি চারসহ ৬৬ রানে অপরাজিত থেকে ইনিংসের ব্যবধান কমানোর আশা বাঁচিয়ে রাখেন।

এ ছাড়া পাসিন্দু সুরিয়াবান্দারা ১১৬ বলে তিনটি চারে ৩৮ রান এবং ধনঞ্জয়া ডি সিলভা ৪৭ বলে ছয়টি চারে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে তৃতীয় দিনের প্রথম সেশনেই এই দুই ব্যাটার বিদায় নেন; আমের জামাল ডি সিলভাকে এলবিডব্লিউ করার পর সুরিয়াবান্দারাকে ফেরান রাজাউল্লাহ।

এরপর কুশল ও দিনুশা জুটি বেঁধে প্রথম সেশন শেষে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে ১৬৭ রানে পৌঁছে দেন এবং পরবর্তীতে লড়াই চালিয়ে ব্যবধান কমিয়ে আনেন।

ম্যাচের শুরুতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা মাত্র ৯৮ রানে অলআউট হওয়ার পর পাকিস্তান ৩২৫ রান সংগ্রহ করে ২২৭ রানের বিশাল লিড নেয়। দ্বিতীয় ইনিংসে সাকিব খান লাহিরু উদারাকে (৭) ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন। এরপর রাজাউল্লাহ দিনেশ চান্দিমালকে এবং আমের জামাল কামিন্দু মেন্ডিসকে (১৬) আউট করলে ১৪.২ ওভারে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে ডি সিলভা ও সুরিয়াবান্দারা দিনের শেষভাগ সামাল দিয়ে তৃতীয় দিনের লড়াইয়ের ভিত গড়ে দিয়েছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর